নদী দখল করে দোকান
নাটোর সদর উপজেলার হয়বতপুরে হেলেঞ্চা নদী দখল করে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ এগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার হয়বতপুর বাজারের পাশ দিয়ে বয়ে গেছে হেলেঞ্চা নদী। নদীর দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত হয়বতপুর-খোলাবাড়িয়া সড়ক ও হয়বতপুর ফাজিল মাদ্রাসা। সড়কটি নদীভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য দক্ষিণ তীরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি দেয়াল তৈরি করে সিসি ব্লক ফেলেছে। হয়বতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোনায়েম হোসেন নদীর ১৪-১৫ শতাংশ জমি দখল করে চারটি পাকা দোকানঘর নির্মাণ করেছেন।এলজিইডির নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লোকমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অধ্যক্ষ মোনায়েম হোসেনকে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ বন্ধ করতে বলেছি। ২ জানুয়ারি অবৈধ স্থাপনা অপসারণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তিনি নির্দেশ উপেক্ষা করে এখনো নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।’ এ ব্যাপারে এলজিইডি রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।অধ্যক্ষ মোনায়েম হোসেন দাবি করে বলেন, ‘মাদ্রাসার উন্নতির জন্য নদীর তীরে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হচ্ছে। এতে আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অনুমতি নিয়েই আমরা মাদ্রাসার পাশে নদীর পাড় ব্যবহার করার অনুমতি নিয়েছিলাম।’