নদী দখল করে দোকান নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পিড়োলী বাজারে নদী দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ফারুক মোল্যা নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতা কয়েকজন শ্রমিক দিয়ে এ কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ফারুক পাশের মকবুল হোসেন নামের এক ব্যবসায়ীর ইজারা নেওয়া জমিও দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পিড়োলী ইউনিয়ন ভূমি কার্যালয় ও বাজার পুলিশ ফাঁড়ির ৫০০ গজ দূরে এই অবৈধ কার্যক্রম চলছে। সরেজমিনে দেখা গেছে, নড়াইলের চিত্রা, নবগঙ্গা ও ভৈরব নদের সংযোগস্থলের ত্রিমোহনী এলাকায় পিড়োলী বাজার। বাজারের কোল ঘেঁষে প্রবাহিত চিত্রা নদীর খেয়াঘাটসংলগ্ন গলিপথে নদীর জায়গা দখল করে কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক মোল্যা পাকা দোকানঘর নির্মাণ করছেন। এর পাশে মকবুল হোসেন নামের এক ব্যক্তির ইজারা নেওয়া জমিও দখল করে ফারুক মোল্যা দোকানের নির্মাণকাজ চালাচ্ছেন। মকবুল হোসেনের আত্মীয় জেসমিন আরা বলেন, ২০০৫ সালে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মকবুল আধা শতাংশ জমি একসনা ইজারা নেন। পিড়োলী মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত ৩১৬৯ দাগের ইজারা নেওয়া ওই জায়গার পেছনে ফারুক মোল্যার ইজারা নেওয়া জায়গা। তিনি বলেন, ফারুক মোল্যা জোর করে মকবুল হোসেনের জায়গাটুকুও দখল করে দোকানঘর নির্মাণ করছেন। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। তবে ফারুক মোল্যা বলেন, তিনি ২০০৪ সালে একই দাগের জমি ইজারা নিয়েছেন। সেখানেই তিনি দোকানঘর নির্মাণ করছেন। তিনি দাবি করেন, কারও জায়গা তিনি দখল করেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর মতো অনেকেই নদীর মধ্যে দোকানঘর তুলে ব্যবসা করছেন। নাম প্রকাশ না করার শর্তে বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ফারুক মোল্যা জোর করে মকবুল হোসেনের জমি দখল করেছেন। এ নিয়ে আদালতে মামলা হয়েছে।পিড়োলী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পিড়োলী মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত জমির ৩১৬৯ দাগে মোট ৮০ শতাংশ জমি। ওই দাগের আটজনকে আধা শতক করে জমি একসনা ইজারা দেওয়া হয়েছে। ইজারা গ্রহীতারা হলেন: পিড়োলী গ্রামের আনাই খান, গোলাম হোসেন, রেজাউল করিম, ফারুক মোল্যা, মকবুল হোসেন, দাউদ হোসেন, আইউব হোসেন, নজরুল ইসলাম। তাঁদের জায়গা মেপে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ফারুক মোল্যা যেখানে ঘর তুলছেন, তা ওই দাগের জমি।কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মদ বলেন, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।