নদী দখল করে নির্মিত মার্কেট উচ্ছেদ শুরু
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের মাদবরের হাটে ইছামতী নদী দখল করে নির্মিত মার্কেটটি উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে নির্বাহী হাকিম সাইফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২ জুন প্রথম আলোতে ‘নদী দখল করে মার্কেট ও বাড়ি’ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপর উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে নদী দখলের প্রমাণ পেয়ে দখল স্থাপনাসহ আশপাশে লাল নিশানা পুঁতে দেয়। ৭ ডিসেম্বর উচ্চ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে নদী দখলের ব্যাপারে প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
ইউএনও আবুল কাশেম বলেন, ‘নদী দখলের ব্যাপারে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি আদালত তা জানতে চেয়েছেন। ৫ জানুয়ারি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করে সব নথিপত্র আদালতে হাজির করব।’