নদী দখল করে পুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রাম এলাকায় অবৈধভাবে নদী দখল করে পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, গ্রামের সাহাব উদ্দিনসহ কয়েক ব্যক্তি গত কয়েক বছর ধরে অবৈধভাবে মুহুরী নদীতে বাঁধ দিয়ে পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। ইতিমধ্যে তাঁরা প্রায় ৩০ একর নদী অবৈধভাবে দখল করে কয়েকটি পুকুর খনন করেছেন। ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাবুদ্দিন বলেন, নদীতে অবৈধভাবে পুকুর খননকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন প্রকাশ্যে বিরোধিতা কিংবা অবৈধ নদী দখলের প্রতিবাদ করার সাহস পায় না। তিনি বলেন, নদীর মাঝ বরাবর বাঁধ দেওয়ায় বর্ষাকালে পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে অনেকের খেতের ফসল ডুবে যায়। পানি প্রবাহে প্রতিবন্ধকতার কারণে নদীর অপর পাড়ে চরলালা গ্রামে নদীভাঙন দেখা দেয়। এতে অনেকের জমি নদীতে বিলীন হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগের বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বিষয়টি জানার জন্য সাহাব উদ্দিনকে ইউপি কার্যালয়ে উপস্থিত হতে লিখিতভাবে বলা হয়। কিন্তু তিনি সাড়া দেননি। পরে বিষয়টি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিনকে জানালে তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি এলাকা পরিদর্শন করে অবৈধভাবে নদী দখল করে পুকুর খননের সত্যতা দেখতে পান। ইউএনও বলেন, অবৈধভাবে নদী দখল করে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বক্তব্য জানতে সাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যাহ বলেন, অবৈধভাবে নদী দখলের বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া নদীর মালিক জেলা প্রশাসন। অবৈধ দখলের বিষয়ে জেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তিনিও এ ব্যাপারে খোঁজখবর নেবেন।