নদী দখল করে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদী দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে সোনারামপুর উত্তরপাড়া মসজিদের ইমামের থাকার জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া, ওই জায়গায় মসজিদের অজুখানা নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো ম্রাগ্য মারমা বলেন, ‘আমি সরেজমিন গিয়ে দেখেছি, ভবনটি ঢোলভাঙ্গা নদীর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।’
গত সোমবার সোনারামপুর গিয়ে দেখা গেছে, বাঞ্ছারামপুর-মরিচাকান্দি সড়কের ধারে নদীর ওপর ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও প্রস্থ প্রায় ১৬ ফুট। নদীর নিচ থেকে প্রায় ১২ ফুট উঁচুতে ছয় কলাম দিয়ে রাস্তার সমান উঁচু করে ছাদ করা হয়েছে। এরপর এর ওপর একতলা ভবন করে তার ওপর ছাদের রড বাঁধার কাজ চলছে। ছাদ নির্মাণের কাজ করছেন চার শ্রমিক। সেখানে থাকা কবির হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘এক সপ্তাহ ধইরা ছাদের রড বাঁধানোর কাজ করতাছি।’
এলাকাবাসী জানান, বর্ষাকালে পানি বাড়লে নদীতে নৌকা চলাচল করে। ভবনটি নির্মাণ করায় নৌ-চলাচল ব্যাহত হতে পারে।
সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘আমার বাড়ির সাথের মসজিদের ইমাম সাহেবের বাসস্থান এবং অজুখানার জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছে। দেড় মাস আগে থেকে কাজ শুরু করা হয়েছে। মসজিদের জন্য দুই শতক জায়গা কিনে সেখানে ভবনটি নির্মাণ করা হচ্ছে। জায়গা মেপে ওই ভবন নির্মাণ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জায়গা মাপি নাই তবে নদীর কিছু জায়গা হলেও মসজিদের জন্যই তা করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, ‘সোনারামপুরে নদী দখল করে মসজিদের ইমামের বাসস্থান নির্মাণ করা হচ্ছে বলে শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’