নদী দখল করে শহর সম্প্রসারণ
নাটোরে গুরুদাসপুরের চাঁচকৈড় পয়েন্টে নন্দকুঁজা নদীর পাড় দখল করে শহর সম্প্রসারণ করছে পৌরসভা৷ এতে নদীটি সংকুচিত হয়ে নালায় পরিণত হয়েছে৷ পাশাপাশি নদীর তীরে ফেলা হচ্ছে বর্জ্য৷ দূষণের পাশাপাশি নদী ভরাট হয়ে যাচ্ছে৷
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকার সাহাপাড়া মসজিদ থেকে ধানহাটা মসজিদ পর্যন্ত নন্দকুঁজা নদী থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে নদীর তীর ভরাট করার কাজ চলছে৷ এর ফলে নদীটি ওই স্থানে নালায় পরিণত হয়েছে৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, গত ৫ মে থেকে এই ভরাটের কাজ শুরু হয়েছে৷
এ ছাড়া চাঁচকৈড় বাজারের রসুন হাট, সাহাপাড়া ঘাট, বামনকোলা ও গুরুদাসপুর বাজার ঘাট এলাকায় নদীর তীরে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য৷ ওই বর্জ্য নদীতে পড়ে ভরাট হওয়ার পাশাপাশি নদীটি দূষণের শিকার হচ্ছে৷
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই সমস্যা নতুন নয়৷ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই নদীতে আবর্জনা ফেলা হচ্ছে৷ এসব আবর্জনার দুর্গন্ধে তাঁরা অভ্যস্ত হয়ে পড়েছেন৷
গুরুদাসপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷ তবে ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র) রুনা আক্তার বলেন, পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই৷ অথচ পৌরসভার প্রধান আয় আসে চাঁচকৈড় হাট-বাজার থেকে৷ ব্যবসায়ী ও জনদুর্ভোগ কমাতে নদীর তীরে মাটি ভরাট করে শহর সম্প্রসারণ করতে হচ্ছে৷ তিনি বলেন, নদীর উভয় পাশ দখল হয়ে সংকুচিত হয়ে গেছে৷ আগের মতো নৌকা চলে না৷ তাই নদী ভরাট হলে ক্ষতি কী?
গুরুদাসপুর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, পৌরসভা কর্তৃপক্ষই শুধু নদীকে হত্যা করছে তা নয়৷ নন্দকুঁজাসহ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই এবং গুমানী নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে উভয় তীর দখল করে গড়ে তোলা হয়েছে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, চাতাল, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়িসহ নানা স্থাপনা৷ একই সঙ্গে এসব এলাকার আবর্জনাও ফেলা হচ্ছে নদীতে৷ এতে নদী তিনটির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে৷
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, গুরুদাসপুর পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া এই নদীগুলোকে ঘিরেই পৌরসভাসহ উপজেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে৷ অথচ নদীগুলোকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না৷ স্থানীয় শিক্ষক আবদুল মান্নান বলেন, কিশোর বয়সে তাঁরা নদীতে গোসল করতেন৷ ১২ মাসই নদীতে পানি থাকত৷ জেলেরা মাছ ধরতেন৷ চলত বড় বড় নৌকা৷ এখন বছরের দুই-তিন মাস নৌকা চললেও মাছ পাওয়া যায় না৷ ময়লা-আবর্জনার কারণে নদীটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ নেওয়াজ বলেন, তিনি পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷