নদী দখল করে শৌচাগার নির্মাণ করছে পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদী দখল করে গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। আর এ দখল করার কাজটি স্বয়ং পৌরসভার লোকজনই করেছেন। এতে অন্য দখলদারেরা নদী দখলে উৎসাহী হবেন বলে শহরবাসী ক্ষোভ প্রকাশ করেছে।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার দুটি স্থানে আট লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে পৌরসভার দুটি স্থায়ী গণশৌচাগার তৈরির কাজ চলছে। এর একটি শহরের গাছপাড়া এলাকায় নির্মাণ করা হচ্ছে। অন্যটি শহরের এডওয়ার্ড কলেজ সড়কের বড় ব্রিজের পাশে নির্মাণ করা হচ্ছে। এই শৌচাগারটি তৈরি করতে ইছামতী নদীর মধ্যে ২৭৬ বর্গফুট জায়গা দখল করা হয়েছে। একজন ঠিকাদার নিয়োগ করে শৌচাগারের ভবনটি নির্মাণ করা হচ্ছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হামিদ খান বলেন, নদী দখল করে পৌরসভার এ ধরনের কাজ করা চরম অন্যায় হয়েছে। এমনিতেই ইছামতীর একটি বড় অংশ দখলদারদের দখলে রয়েছে। আর এই গণশৌচাগার তৈরিতে দখলদারেরা আরও উৎসাহিত হবেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি গণশৌচাগারের দাবি করে আসছিল। কিন্তু ওই এলাকাতে পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই। তাই পরিত্যক্ত ওই স্থানটি নির্বাচন করা হয়েছে। শহরবাসী না চাইলে কাজ বন্ধ করে দেওয়া হবে।