নদী দখল করে স্কুলভবন নির্মাণ করছেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার গোমতী নদী দখল করে স্কুলভবন নির্মাণ করছেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় পার্টির সাংসদ রওশন আরা মান্নান। পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন ছাড়াই দেড় মাস ধরে নদীর বাঁধের ভেতরে প্রায় ৪৮ শতক জায়গা দখল করে তাঁর বাবা ও নিজের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের জন্য ওই ভবন নির্মাণ করা হচ্ছে।
গত সোমবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজার এলাকার গোমতী বাঁধের নবম কিলোমিটার অংশে ভবনের পিলার তৈরি করা হয়েছে।
নদীর ওই অংশে বর্তমানে পলি পড়ে আছে। ওই জায়গার পশ্চিম ও পূর্ব পাশে ২৪টি এবং উত্তর পাশে একটি পিলারের কাজ শেষ হয়েছে। আরও পিলার নির্মাণের সামগ্রী রাখা হয়েছে। পূর্ব পাশে টিনশেড ঘর তৈরির কাজ চলছে। সেখানে তাজ রওশন উচ্চবিদ্যালয়ের (বালক শাখা) সাইনবোর্ড ঝুলছে। সাংসদের ছোট বোনের ছেলে পরিচয় দিয়ে কাপ্তানবাজার এলাকার আলী আজাদ বলেন, ১২ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কুমিল্লার নথিপত্র থেকে জানা গেছে, জাতীয় পার্টির সাংসদ (সংরক্ষিত মহিলা আসন-৪৭) রওশন আরা মান্নান কাপ্তানবাজার এলাকার পুরোনো গোমতী নদীর তীর ঘেঁষে ১৯৯৪ সালে তাজ রওশন জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালের ৩ জুন সাংসদ পানিসম্পদমন্ত্রীর কাছে ডুমুরিয়া চান্দপুর মৌজায় অবস্থিত নদীর ৪৮ শতক জমি বিদ্যালয়ের নামে স্থায়ীভাবে ইজারা নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পাউবোর কুমিল্লা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ৮ সেপ্টেম্বর ওই জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা ওই স্থানে কোনো প্রকার কাঠামো নির্মাণ করা সমীচীন হবে না মর্মে প্রতিবেদন দেন।
নাম প্রকাশ না করার শর্তে পাউবোর তিনজন প্রকৌশলী জানান, আবেদন করা স্থানটি গোমতী নদীর পানিপ্রবাহের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
গোমতীর উভয় তীরের মধ্যে বাঁ পাশে ৭৬ কিলোমিটার এবং ডান পাশে ৬৫ কিলোমিটার বাঁধ রয়েছে। বাঁ পাশে বাঁধের নদীতীরের ৮ দশমিক ২০ কিলোমিটার পয়েন্টের ৪৮ শতক জায়গায় স্কুলভবন নির্মাণ করছেন সাংসদ। ওই বাঁধের ১৫ মিটার নিচে ভবন হচ্ছে। বর্ষা মৌসুমে গোমতী নদীর পানিপ্রবাহ বেড়ে যায়। তখন বিপৎসীমার ১১ দশমিক ৭৫ মিটার পর্যন্ত পানি প্রবাহিত হলে ওই স্থান ডুবে যাবে।
সাংসদ রওশন আরা মান্নান গত সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের কাছে স্কুলের জায়গার জন্য লিজ চেয়ে আবেদন করেছি। এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়েছে।’ পানি উন্নয়ন বোর্ড অনুমোদন দিয়েছে কি না, এ প্রশ্নের জবাবে বলেন, ‘অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছি।’
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, সাংসদকে ভবন নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এ রকম অনুমতি দেওয়ার কোনো সুযোগও নেই। তাহলে কীভাবে ভবন নির্মাণ করছেন, এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি।