খুলনার ময়ূর নদের মধ্যে নির্মাণাধীন লিনিয়ার পার্কের স্থাপনা বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। গতকাল সোমবার সকালে খুলনা সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ময়ূর নদ সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
মতবিনিময় শেষে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরেজমিনে পার্কের স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি অবৈধভাবে নদের মধ্যে স্থাপনা নির্মাণের প্রমাণ পান।
১২ জুলাই প্রথম আলোর মহানগর পাতায় ‘নদ দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। সেখানে ময়ূর নদের মধ্যে লিনিয়ার পার্কের স্থাপনা ও সীমানাপ্রাচীর নির্মাণের তথ্য তুলে ধরা হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে দেখতে খুলনায় এলেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিআরডিপি) আওতায় নগরের গল্লামারীতে অবস্থিত লিনিয়ার পার্কের মধ্যে ১ হাজার ৮৫০ মিটার ফুটপাত ও ছয়টি ডেক নির্মাণ করছে সিটি করপোরেশন। এর মধ্যে তিনটি ডেক হবে ঘাটসহ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকা।
গতকালের মতবিনিময় সভায় সিটি করপোরেশনের পক্ষ থেকে লিনিয়ার পার্ক ও তার অবকাঠামো নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেখানে করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়, নদ দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে না। বরং পার্কের যে জমি নদের মধ্যে চলে গেছে, সেখানে স্থাপনা করা হচ্ছে। এ সময় চেয়ারম্যানের এক প্রশ্নের জবাবে করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, সীমানাটি সিএস ম্যাপ অনুযায়ী করা হয়েছে। তখন চেয়ারম্যান বলেন, নদের সীমানা নির্ধারণ করা হয় আরএস ম্যাপ অনুযায়ী। সুতরাং করপোরেশনের দাবি ভুল। এরপর তিনি পার্কের সীমানাপ্রাচীর উচ্ছেদ ও স্থাপনার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।
মতবিনিময় ও সরেজমিনে পরিদর্শন শেষে আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি স্থান থেকে নদের মধ্যে নির্মাণাধীন পার্কের স্থাপনা দেখা হয়েছে। তাতে স্পষ্টই দেখা গেছে, সিটি করপোরেশন নিয়ম লঙ্ঘন করে নদের মধ্যে পার্কের স্থাপনা নির্মাণ করছে। এ কারণে স্থাপনা বা ঘাট বন্ধের পাশাপাশি নতুন করে নদের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।