নদী দখল প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় শাখা আদি বুড়িগঙ্গা রক্ষায় নৌ মন্ত্রণালয় তথা সরকার কী করবে, বাংলা নববর্ষের আগেই সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা চেয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। তাঁরা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় যেমন দেশকে বাঁচানো হয়েছিল, একই চেতনা নিয়েই দখলদার প্রতিহত করে নদীকে রক্ষা করতে হবে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপারের যৌথ আয়োজনে ‘বেপরোয়া দখলে বিপর্যস্ত আদি বুড়িগঙ্গা ও এর ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, একদিকে কামরাঙ্গীরচর, অন্যদিকে মোহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ, আমলীগোলা নিয়ে বুড়িগঙ্গার দ্বিতীয় শাখা বা আদি বুড়িগঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। দখলের তাণ্ডবে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে ধলেশ্বরী থেকে আসা বুড়িগঙ্গার এই আদি উৎসমুখ। আদি বুড়িগঙ্গার বর্তমান দৈর্ঘ্য তিন থেকে চার কিলোমিটার।
আলোচনা সভায় প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নদী রক্ষায় সরকারের অনেক চিন্তাভাবনা করে কাজ করতে হচ্ছে। এসব ক্ষেত্রে তাঁর মন্ত্রণালয় তথা সরকারের সীমাবদ্ধতা ও অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, ‘যারা নদী দখল করে, তারা একালের রাজাকার।
অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, অনেক দখলদার ধর্মীয় স্থাপনা নির্মাণের পর তাকে ঢাল হিসেবে ব্যবহার করে। অবৈধ স্থাপনার সংখ্যা বাড়তে থাকে। আইনগত জটিলতার কারণেও অনেক স্থাপনা উচ্ছেদ সম্ভব হয় না। বক্তব্যের পরে নৌমন্ত্রী অন্য কর্মসূচি থাকায় অনুষ্ঠান থেকে চলে যান।
পরে নৌমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বাপার সহসভাপতি মানবাধিকারকর্মী সুলতানা কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দখলদার উচ্ছেদ ও নদী রক্ষায় কিছু ক্ষেত্রে নিজেদের অসহায় হিসেবে তুলে ধরে মন্ত্রী কী বোঝাতে চান? সুলতানা কামাল বলেন, ‘যখন ক্ষমতাশালী মানুষ বা সরকারের কোনো মন্ত্রী নিজেদের অসহায় বলেন, সেটা মেনে নেওয়া যায় না। ঢাকা শহরে নির্মমভাবে বস্তি উচ্ছেদ করা যায়। অথচ নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায় না।’ তিনি বলেন, ‘যারা নদী দখল করছে, মুক্তিযুদ্ধের চেতনায় তাদের প্রতিহত করতে হবে।’
বাপার সহসভাপতি, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, নদীকে গলা টিপে মারছে সরকারি দল, প্রভাবশালী ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘মন্ত্রী থাকলে ভালো হতো, তারপরও বলি, আদি বুড়িগঙ্গা রক্ষায় নৌ মন্ত্রণালয় বা সরকারকে পয়লা বৈশাখের আগেই সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। মন্ত্রীর কাছে জানতে চাইব, এই অর্থবছরে নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবেন কি না।’
আলোচনা সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার আদি বুড়িগঙ্গা নদী রক্ষায় সরকারের দেড় হাজার কোটি টাকার ব্যয়বহুল প্রকল্পের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে বুড়িগঙ্গার দ্বিতীয় শাখাকে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করে তুলতে চান তাঁরা।
প্রকৌশলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীকে হাতিরঝিল নয়, নদীকে নদী হিসেবেই রাখতে হবে।
এর আগে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, দখলদার উচ্ছেদ, ট্যানারি অপসারণ, পরিশোধন, খনন ইত্যাদির মাধ্যমে এখনই উদ্যোগ নিলে তিন-চার বছরের মধ্যে বুড়িগঙ্গাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। বৃষ্টির পানিই তা সম্ভব করবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল। আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ।