নদী দখল, মাছ ধরতে পারছেন না জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর দেড় কিলোমিটার এলাকা বাঁশের খুঁটি ও গাছের ডাল ফেলে দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পাঁচ কিলোমিটার দীর্ঘ নদীর ওই অংশই সবচেয়ে গভীর। এই অংশে জেলেদের মাছ ধরতে না দেওয়ায় কষ্টে দিন কাটছে তাঁদের। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন তাঁরা।

 সরেজমিনে গতকাল শুক্রবার দুপুরে দেখা গেছে, নদীর ওই দেড় কিলোমিটার অংশের পশ্চিম পারে কুর্শা ইউনিয়নের হাজিরপাড়া, মণ্ডলপাড়া ও রহিমাপুর নামের তিন গ্রাম। অপর দিকে রয়েছে হাড়িয়রকুঠি ইউনিয়নের জেলেপাড়া। এই অংশে ১০ থেকে ১৫ হাত পরপর বাঁশের খুঁটি পুঁতে ও গাছের ডাল ফেলে রাখা হয়েছে। 

জেলেপাড়া গ্রামের অতুল চন্দ্র দাস (৪৫) অভিযোগ করেন, নদীতে মাছ ধরেই চলে তাঁর সংসার। ছয়জনের পরিবার তাঁর। এক মাস ধরে হাজিরপাড়া, মণ্ডলপাড়া ও রহিমাপুর গ্রামের কিছু লোক নদীর ওই স্থানে মাছ ধরতে দিচ্ছেন না। এতে রিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাঁকে।

জেলে গুরুদাশ চন্দ্র (৪০) ও মোহন চন্দ্র দাস (৫৫) বলেন, উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর বাকি চার কিলোমিটার অংশ উঁচু। চাকলা থেকে হাজিরঘাট পর্যন্ত সবেচয়ে গভীর। নদীর এই অংশে সারা বছরেই পানি থাকে। এখানে মাছ ধরে জেলেপাড়া গ্রামের ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু এখন নদীর ওই অংশে তাদের মাছ ধরতে দেওয়া হচ্ছে না।

ইউএনওকে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, এক মাস ধরে হাজিরপাড়া, মণ্ডলপাড়া ও রহিমাপুর গ্রামের তোজা মণ্ডল, সফিকুল ইসলামসহ শতাধিক লোক চাকলা থেকে হাজিরঘাট পর্যন্ত অংশে বাঁশের খুঁটি ও গাছের ডাল ফেলে দখল করেছেন। জেলেদের তাঁরা নদীর ওই অংশে মাছ ধরতে দিচ্ছেন না।

জেলেপাড়া সমবায় সমিতির সভাপতি উপেন্দ্রনাথ দাশ (৬০) বলেন, গত বুধবার তিনিসহ ১০ থেকে ১২ জন জেলে হাজিরপাড়া গ্রামের এপারে মাছ ধরতে নামেন। তাঁদের দেখে ওপার থেকে এমদাদুল হক, ওবায়দুল্লা রহমানসহ ১৫-২০ জন গলাপানি পেরিয়ে তেড়ে আসেন। এরপর আর মাছ ধরতে নামলে তাঁদের পেটানো হবে বলে হুমকি দেওয়া হয়। 

 এদিকে হাজিরপাড়া গ্রামের তোজা মণ্ডল, শাজাহান মিয়া; মণ্ডলপাড়া গ্রামের ওবায়দুল্লা রহমান, সিরাজুল ইসলাম ও রহিমাপুর গ্রামের সফিকুল ইসলাম, এমদাদুল হক বলেন, জেলেদের নদীর ওই অংশে মাছ ধরতে না দেওয়ার অভিযোগ সঠিক নয়। নদীর ওই স্থানে হাজিরপাড়া, মণ্ডলপাড়া ও রহিমাপুর গ্রামের লোকদেরও জমি আছে। তাঁরা নিজেরা মাছ ধরার জন্য নদীর ওই অংশে কিছু বাঁশ ও গাছের ডাল ফেলেছেন।

ইউএনও জিলুফা সুলতানা মুঠোফোনে বলেন, জেলেদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযোগটি পান তিনি।