নদী দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত
নারায়ণগঞ্জে নদী দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ অভিযানে গতকাল সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী দখল করে নির্মিত একটি ইটভাটাসহ অপর একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার। এ সময় বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, ধলেশ্বরী নদী দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগে আলীরটেক ইউনিয়নের জামাল মিয়ার মালিকানাধীন ইটভাটার কিছু অংশ উচ্ছেদ করা হয়। এ ছাড়া সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদী দখল করে ভরাট করায় আজাদের মালিকানাধীন জমির কিছু অংশ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।