নদী দখলকারীরা এ যুগের রাজাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখল ও দূষণকারীদের এ যুগের ‘রাজাকার’ আখ্যায়িত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার রাজধানীর রাজউক অ্যাভিনিউতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ার ভবনে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
নদীর দখল ও দূষণ রোধে গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন আইন পাস হয়। ইতিমধ্যে কমিশনের একজন চেয়ারম্যান ও একজন সার্বক্ষণিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ‘...মুক্তিযুদ্ধের সময় প্রাণহানির কারণে তাদের আমরা রাজাকার-আলবদর বলি। নদীরও প্রাণ আছে। এই নদীকে যারা আজকে দখল ও দূষণের মধ্য দিয়ে ধ্বংস করছে, হত্যা করছে, তাদের এ যুগের রাজাকার আখ্যায়িত করাই সমীচীন।’
নদী দখলের কথা তুলে ধরে শাজাহান খান বলেন, নদী দখলমুক্ত করাই তাঁদের চ্যালেঞ্জ। নদী দখলমুক্ত করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে টাস্কফোর্সের ২৬টি সভা হয়েছে। এই সভার সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীকে ‘মা’ উল্লেখ করে তিনি বলেন, নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। তাই স্লোগান হওয়া উচিত—‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।’
অনুষ্ঠানে নৌপরিবহন সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, বিবিধ কারণে নদীর অবস্থা আজ হুমকির সম্মুখীন। নদীকে মায়ের মতো আগলে না রেখে নদীকে নিয়ে হচ্ছে মহোৎসব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন।