নদী দখলদারদের উচ্ছেদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখলদারদের অবিলম্বে উচ্ছেদ ও বুড়িগঙ্গা নদীর পাড় থেকে সব ট্যানারি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ ১৫টির মতো পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে আরও কিছু দাবি উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে নদীর তলার বর্জ্য পরিষ্কারের বন্ধ কাজ স্বচ্ছভাবে আবার চালু করা, বুড়িগঙ্গার পাড়ের দেয়াল সরিয়ে নেওয়া, নদীর পাড় বা নিকটস্থলে শিল্পকারখানাগুলোয় বর্জ্য পরিশোধন প্ল্ল্যান্ট সংযুক্ত করা, নদী টাস্কফোর্সকে আরও কার্যকর করা, শক্তিশালী নদী কমিশন নিশ্চিত করা ইত্যাদি।
সমাবেশে সভাপতি বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, বুড়িগঙ্গাসহ নদী দখলদারদের মধ্যে রাজনৈতিক সমর্থনপুষ্ট শক্তিশালী ব্যক্তি ছাড়াও যুক্ত হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। ফলে নদী উদ্ধার দুরূহ হয়ে পড়ছে।
অন্য বক্তারা বলেন, বিসিক ও ট্যানারির মালিকদের মধ্যে গত বছরের ১৩ অক্টোবর স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৪ সালের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে নেওয়ার কথা। অথচ নানা টালবাহানা করে মালিকেরা কাজটি শুরুই করছেন না।
সমাবেশে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, বাপার নির্বাহী সদস্য মাহবুব হোসেন, সুন্দর জীবনের চেয়ারম্যান এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ পিস মুভমেন্টের আহ্বায়ক কামাল আতাউর রহমান, সেবার নির্বাহী পরিচালক মো. নুরুদ্দিনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।