নদী দখলদারদের সমন্বিত তালিকা দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিববাড়িয়া নদীতে অবৈধ দখলদারদের সমন্বিত তালিকা প্রস্তুত করে তা ৫ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পটুয়াখালীর জেলা প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ গত ৫ ফেব্রুয়ারি ‘লিগ্যাল অ্যাকশন অ্যাগেইনস্ট গ্র্যাবার অব শিববাড়িয়া রিভার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে নদী রক্ষা ও অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গতকাল (বুধবার) একটি রিট আবেদন করে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রুলে নদীটির সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদারদের কেন উচ্ছেদ করা হবে না এবং অবৈধ দখলদারদের সমন্বিত তালিকা প্রস্তুত করে কেন তা আদালতে দাখিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকারসচিব, পরিবেশ ও বনসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, পটুয়াখালীর জেলা প্রশাসকসহ ১২ জন বিবাদীকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, কলাপাড়া উপজেলার আন্ধারমানিক ও রামনাবাদ চ্যানেল হয়ে ওই নদীটি প্রবাহিত হচ্ছে। শিববাড়িয়া ও লতাচাপিলী মৌজায় অবস্থিত নদীটির আয়তন ৭২ বর্গকিলোমিটার।