নদী দখলমুক্ত, মাছ ধরছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনেশ্বরী নদীতে বাঁশের খুঁটি ও গাছের ডাল ফেলে যে দেড় কিলোমিটার অংশ দখল করা হয়েছিল, তা দখলমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সেখান থেকে খুঁটি ও ডাল সরানোর পর জেলেরা আবার ওই অংশে মাছ ধরতে শুরু করেছেন।
কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নদীর পাঁচ কিলোমিটারের মধ্যে চাকলা থেকে হাজীরঘাট পর্যন্ত দেড় কিলোমিটার অংশ সবচেয়ে গভীর। ওই অংশে দীর্ঘদিন ধরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের জেলাপাড়া গ্রামে ১৩০টি জেলে পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। মাস খানেক ধরে হাজীরপাড়া, মণ্ডলপাড়া ও রহিমাপুর গ্রামের কিছু লোক নিজেরা মাছ ধরতে নদীর ওই অংশে ১০ থেকে ১৫ হাত পরপর বাঁশের খুঁটি ও গাছের ডাল পুঁতে দখল করেন। ওই অংশে জেলেদের মাছ ধরতেও দেওয়া হচ্ছিল না। মাছ ধরতে না পারায় উপার্জনহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন জেলেরা।
বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে না পেরে জেলেরা ৫ নভেম্বর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ৭ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘নদী দখল, মাছ ধরতে পারছেন না জেলেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ইউএনও জিলুফা সুলতানার নির্দেশে ৯ নভেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) দেলওয়ার হোসেন ও মৎস্য কর্মকর্তা দীপা রানী ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তাঁদের নির্দেশে নদীর ওই অংশ থেকে বাঁশের খুঁটি ও গাছের ডাল সরিয়ে নেওয়া হয়।
সরেজমিনে গতকাল রোববার নদীর ওই অংশে জেলেদের মনের আনন্দে মাছ ধরতে দেখা যায়। জেলেপাড়া সমবায় সমিতির সভাপতি উপেন্দ্রনাথ দাশ (৬০) বলেন, ‘নদী থাকি ঝাড়-জঙ্গলগুলা উঠি ফেলায় গতকাইল থাকি গ্রামের সব জেলে অঠেকোনা মাছ ধরোছে। অ্যালা মাছ ধইরবার কাঁয়ো বাধাও করে না।’
জরিপকারী দেলওয়ার হোসেন বলেন, ইউএনওর নির্দেশে নদীর ওই অংশ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।