নদী দিবসে 'নদীর গল্পকথা' শীর্ষক সমাবেশ
মনুসহ মৌলভীবাজারের সব নদ-নদীর অবাধ পানিপ্রবাহ রক্ষা ও নদী ধ্বংসকারী মানবসৃষ্ট সব বাধা দূর করার দাবিতে জেলায় আন্তর্জাতিক নদী দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে ‘নদীর গল্পকথা’ শীর্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখা।
মৌলভীবাজার শহরতলির চাঁদনীঘাট এলাকায় মনু সেতুর কাছে মনু নদের বুকে বালুচরে নৌকাকে মঞ্চ বানিয়ে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী আ স ম সালেহ সুহেল। মনু নদ নিয়ে স্মৃতিচারণামূলক গল্প করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী, মুক্তিযোদ্ধা এস টি করিম, নাট্যকর্মী আবদুল মতিন, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাধুরী মজুমদার ও শ্যামলী চন্দ, সংস্কৃতিকর্মী আনোয়ার হোসেন, সাহিত্যের ছোটকাগজ মৃত্তিকা সম্পাদক ওবায়দুর রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।
সমাবেশে গল্পকথকেরা শিশু-কিশোরদের সামনে তাঁদের শৈশব-কৈশোরে দেখা মনু নদ ও আজকের মনু নদের পার্থক্য তুলে ধরেন।