নদী দূষণ ও দখলমুক্ত রাখতে ডিসিদের নির্দেশ
নদী দূষণ ও দখলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক চাপে পড়ে কাজ না করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা এ নির্দেশ দেন।
রাজনৈতিকভাবে কোনো চাপ এলে, সেটা সরাসরি মন্ত্রীদের জানাতেও বলা হয়েছে।
বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, নদীর জায়গা যেন কোনোভাবেই বরাদ্দ না দেওয়া হয়, এ জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নদী দূষণ ও দখলমুক্ত রাখতে বলা হয়েছে। এ ছাড়া আসন্ন ঈদ সামনে রেখে যার যার এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ডিসিদের বলা হয়েছে, কোনো রাজনৈতিক চাপে কাজ করবেন না। রাজনৈতিকভাবে কোনো চাপ এলে সেটা যেন সরাসরি তাঁদের (মন্ত্রীদের) জানানো হয়।
দুই মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত ১২টি বিষয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সাতটি বিষয়ে ডিসিরা সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এগুলো নিয়ে সভায় আলোচনা হয়। এর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল দেশের প্রধান প্রধান ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ গঠন করা। এ ছাড়া এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
গত মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছিল। তিন দিনব্যাপী এই সম্মেলনের আজ শেষ দিন।