নদী দূষণ: এক কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদী সরাসরি দূষণের দায়ে বাগদাদ টেক্সটাইল মিলস লিমিটেডকে প্রায় ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায়ও করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ডেমরা থানার পশ্চিম সানারপাড়ের সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করে এবং তাৎক্ষণিকভাবে আংশিক আদায় করে। পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এই প্রথম পরিবেশদূষণের অপরাধে কোনো কারখানার মালিককে দণ্ডিত করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাগদাদ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় গতকাল সকালে আকস্মিক অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।অভিযানকারী দলের অনুসন্ধানে ও পরীক্ষায় ধরা পড়ে, কারখানাটি থেকে প্রতিদিন ৩০ হাজার লিটার কেমিক্যাল মেশানো দূষিত তরল বর্জ্য কারখানার উত্তর দিকে নিচু জমি, জলাশয় ও খালে গিয়ে পড়ছে। এ স্থান থেকে পার্শ্ববর্তী খাল দিয়ে তরল বর্জ্য যাচ্ছে শীতলক্ষ্যা নদীতে। পরীক্ষায় কারখানাটি থেকে এ পর্যন্ত ১ দশমিক ১৫ লাখ ঘনমিটার অপরিশোধিত তরল বর্জ্য নদীতে যাওয়ার ঘটনাও প্রমাণিত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, ইতিপূর্বে কারখানা কর্তৃপক্ষকে তিন দফা নোটিশ দেওয়া হয়েছিল। তার পরও কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র নেয়নি এবং নিয়মানুযায়ী বর্জ্য পরিশোধন যন্ত্র বা প্লান্টও (ইটিপি) বসায়নি। দূষণের সরাসরি প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০২ মোতাবেক বাগদাদ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসানকে দণ্ডিত করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৩৭.০৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। কারখানার মালিক অভিযানকারী দলের কাছে ক্ষতিপূরণের প্রথম কিস্তি বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেন। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, বাগদাদ টেক্সটাইলকে অবিলম্বে ইটিপি স্থাপন এবং কারখানা দূষণমুক্ত করতে আবারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণের বাকি অর্থ কিস্তিওয়ারি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার মালিক পরিবেশদূষণমুক্ত রাখার লিখিত অঙ্গীকারও করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন থেকে মাঝেমধ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।