নদী দূষণমুক্ত না করলে ঢাকার বিপর্যয় ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের সভা​পতি জামিলুর রেজা চৌধুরী। পাশে অ্যালামনাইয়ের মহাসচিব সাদিকুল ইসলাম ভুঁইয়া l ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের সভা​পতি জামিলুর রেজা চৌধুরী। পাশে অ্যালামনাইয়ের মহাসচিব সাদিকুল ইসলাম ভুঁইয়া l ছবি: প্রথম আলো

পরিবেশসমৃদ্ধ মহানগর হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ঢাকার। ঢাকার আশপাশের নদী ও ভেতরের খাল দখল ও দূষণমুক্ত করার কার্যকর উদ্যোগ নিতে বিলম্ব হলে বিপর্যয় ঘটবে। ঢাকার প্রতি কর্তব্যবোধ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনীতিক ও পেশাজীবীদের একযোগে কাজ করতে হবে। তবে কাজে নামতে হবে এখনই।
গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘নদীর দূষণমুক্ত পানি চাই: উপায় ও আশু করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নদী, পানি ও নগর বিশেষজ্ঞ এবং পরিকল্পনাবিদেরা এ কথা বলেন। বুয়েট অ্যালামনাই ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে নদী ও খালগুলোর বর্তমান দখল ও দূষণ পরিস্থিতি, দখল ও দূষণ রোধে সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি, এই মুহূর্তে কোন কাজ হাতে নেওয়া জরুরি—এসব বিষয়ে আলোচনা হয়। হাতিরঝিলকে সফল উদ্যোগ উল্লেখ করে একাধিক আলোচক বলেন, ঢাকা মহানগরকেও স্বপ্নের শহরে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানের সঞ্চালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এই শহরে আমি ১৯৫২ সাল থেকে বাস করছি। একাধিক অনুষ্ঠানে আমি বলেছি যে এই মহানগরকে আমি চোখের সামনে মরতে দেখেছি।’ তিনি বলেন, বাছবিচারহীনভাবে নদীর জায়গা দখল হয়েছে, দূষণ হয়েছে। লন্ডনের টেমস নদীর দূষণ ও দূষণমুক্ত করার উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমরাও দূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে পারব।’
তিন ঘণ্টার আলোচনার শুরুর দিকে তিনটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা হয়। প্রথম উপস্থাপনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক মো. আব্দুল মতিন বলেন, প্রতিবছর ৪ লাখ মানুষ গ্রাম থেকে ঢাকা মহানগরে আসছে। ২০২০ সালে ঢাকা শহরের জনসংখ্যা হবে ২ কোটি। ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা নদ–নদীসহ শহরের খালগুলো শিল্প ও গৃহস্থালি বর্জ্যের কারণে মারাত্মক দূষণের শিকার। রাসায়নিক দূষণ সবচেয়ে ক্ষতিকর। ঢাকার জন্য অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নদী সংকীর্ণ ও দুর্গন্ধযুক্ত হওয়ায়, যাত্রীছাউনি অপ্রতুল হওয়ায়, স্টেশনে যাওয়ার রাস্তা না থাকায় নৌ-বাস জনপ্রিয় হয়নি। তিনি বলেন, নদী পুনরুদ্ধার করার অর্থ হচ্ছে নদীর প্রাকৃতিক অবস্থা ও কাজ ফিরিয়ে দেওয়া, পাশাপাশি এর প্রাণবৈচিত্র্য, বন্যা ব্যবস্থাপনা ও ল্যান্ডস্কেপ উন্নতিতে সহায়তা করা।
ঢাকা মহানগরের আশপাশের নদীদূষণ বন্ধ করতে এখনই কী করণীয়—এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। তিনি বলেন, প্রধান চ্যালেঞ্জ দুটি—দূষণ ও দখল। নদী, খাল, লেক ও জলাভূমি দূষণ ও দখলের নেতিবাচক প্রভাব পড়েছে স্বাস্থ্য, পানি সরবরাহ, মৎস্য সম্পদ, নৌ চলাচল ও পর্যটনের ওপর। ২০ কিলোমিটার বুড়িগঙ্গা নদীতে প্রতি সেকেন্ডে ৫০ থেকে দেড় হাজার ঘনমিটার পানি-বর্জ্য ফেলা হচ্ছে। ৪১টি জায়গা থেকে এই দূষণ হচ্ছে। এই মুহূর্তে করণীয় সম্পর্কে তিনি বলেন, শিল্প ও গৃহস্থালি বর্জ্য বুড়িগঙ্গায় না ফেলে পাগলা শোধনাগারে নিতে হবে। এ জন্য ১৫ কিলোমিটার টানেলের প্রস্তাব করেন তিনি। মল ব্যবস্থাপনা, পরিবহন ও শোধনের প্রস্তাব করে তিনি বলেন, পাঁচ ঘনমিটার মল অশোধিত অবস্থায় ফেলে দেওয়া আর পাঁচ হাজার মানুষের উন্মুক্ত স্থানে মল ত্যাগ একই রকম দূষণ ঘটায়।
মো. মুজিবুর রহমান বলেন, সাধারণভাবে ধারণা করা হয়, বস্তির মানুষ দূষণের জন্য বেশি দায়ী। প্রকৃত অর্থে সব শ্রেণির মানুষ দূষণের জন্য সমান দায়ী। শিল্পদূষণের স্থানগুলো চিহ্নিত হয়েছে, তা সবারই জানা। কিন্তু তারপরও দূষণ বন্ধ করা যাচ্ছে না।
এখনো উদ্যোগ নিলে ঢাকাকে স্বপ্নের শহরে রূপান্তর করা যায়। তৃতীয় ও শেষ পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় সেই স্বপ্ন বাস্তবায়ন কীভাবে সম্ভব, তার বর্ণনা দিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়ানোর কথা বলে অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যা মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। উদাহরণ হিসেবে তিনি ডিএনডি বাঁধের কথা বলেন। তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের পানি বের হতে পারে না, জলাবদ্ধতা হয়। পরিকল্পনা ছিল ঢাকার চারপাশে এ রকম বাঁধ করার।
হাতিরঝিল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন ইকবাল হাবিব। তিনি বলেন, ধানমন্ডি লেকের সঙ্গে হাতিরঝিল যুক্ত করা সম্ভব। পান্থপথকে নালা বানিয়ে কীভাবে সংযোগ তৈরি হবে, তার নকশাও তিনি উপস্থাপন করেন। তিনি বলেন, ধোলাইখাল উদ্ধার করে পুরান ঢাকায় আর একটি হাতিরঝিল করা সম্ভব। ঢাকা অযুত সম্ভাবনার একটি জায়গা।’
স্বাগত বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ঢাকা শহর থেকে ট্যানারি শিল্প চলে যাওয়ায় বুড়িগঙ্গার দূষণ কতটুকু কমল, তা এখন দেখার বিষয়। অন্যদিকে সাভারে গিয়ে এই শিল্প ধলেশ্বরী দূষণ করে কি না, তারও নজরদারি করা দরকার।
মুক্ত আলোচনার শুরুতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বলেন, যে কারণ দেখিয়ে জমি অধিগ্রহণ করা হয়, সেই কারণে জমি ব্যবহার হয় না। অনেকে লিজ নেন। ভূমির সঠিক ব্যবহার না হলে দখল ও দূষণ বাড়ে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে দোহাই দিয়ে দখলকারী ও দূষণকারীর নাম প্রকাশ করা হয় না। রাজউক অনেক আপস করেছে, করছে। স্বার্থের সম্পর্ক আছে এমন ব্যক্তিকে ড্যাপ প্রণয়নে রাখা হয়েছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এম আবুল কাশেম সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের উল্লেখ করে বলেন, ঢাকায় এখন ব্যবহৃত পানির ৭৮ শতাংশ আসে ভূগর্ভ থেকে, ২২ শতাংশ পানি ভূ-উপরিস্থ। ২০২১ সাল নাগাদ পরিস্থিতি ঠিক বিপরীত হবে। তিনি বলেন, পদ্মা থেকে পানি আনার প্রকল্পের কাজ শুরু হয়েছে। অন্যদিকে পাগলা শোধনাগারের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দাশেরকান্দি, উত্তরা, মিরপুর ও রায়েরবাজারে নতুন শোধনাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে এক ছাতার নিচে এনে কাজ করার প্রস্তাব করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের অনেক শক্ত আইন আছে, কিন্তু তা প্রয়োগ করার সক্ষমতা নেই।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম বলেন, কিছু ক্ষেত্রে সিএস রেকর্ড না থাকার কারণে নদীতীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় বিলম্ব হচ্ছে। ঢাকার ৫২টি খালের কোথায় কোন অবৈধ স্থাপনা আছে, তা জরিপ করে সিটি করপোরেশনের মেয়রদের দেওয়া হয়েছে।
বুয়েটের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, মানুষের শরীরে শিরা-উপশিরা যে কাজ করে, ঢাকার জন্য একই কাজ করে নদী ও খালগুলো। ৫২টি খালের জায়গা নির্দিষ্ট করে গেজেট প্রকাশ করতে হবে। বহুতল ভবনের নকশায় বর্জ্য ব্যবস্থাপনার উল্লেখ না থাকলে সেই সব ভবনের অনুমোদন না দেওয়ার প্রস্তাব করেন তিনি।
বাংলাদেশ প্রকৌশলী ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মনজুর মোরশেদ বলেন, একই কথা বারবার বলা হয়। সেমিনার করে সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়। আসল কাজ হয় না। তিনি বলেন, দখল-দূষণ রোধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা দরকার।
অ্যালামনাইয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানিংয়ের সাধারণ সম্পাদক আখতার মাহমুদ বলেন, ঢাকার পানির সব উৎস নষ্ট করে ঢাকার বাইরে থেকে পানি আনার পরিকল্পনা হাস্যকর। হাতিরঝিল প্রকল্পের জন্য ৩০০ একরের মতো জায়গা লেগেছে, আর এখনো ঢাকা শহরে ৫ হাজার ৮০০ একর জায়গা আছে। স্থপতি ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজি এম আরিফ বলেন, অনেক অবৈধ স্থাপনা গড়ে ওঠার পেছনে প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা আছে। সাধারণ মানুষের পাশাপাশি পেশাজীবীদের সচেতন করার প্রয়োজন রয়েছে। বুয়েট ছাত্রকল্যাণের পরিচালক সত্য প্রসাদ মজুমদার বলেন, এ ব্যাপারে রাজনীতিকদের উদ্বুদ্ধ করা দরকার। বুয়েট আ্যালামনাইয়ের মেম্বার সার্ভিসেসের সচিব মাহতাব উদ্দিন বলেন, ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা হওয়া উচিত ছিল পুরান ঢাকা, নদীর পাড়ে। তা হয়নি।
গোলটেবিল বৈঠকের শেষ পর্যায়ে বুয়েট এলামনাইয়ের মহাসচিব সাদিকুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘দূষণের কারণ জানা। এ-ও জানি যে বিপর্যয় নেমে আসবে, এসেছে। আধখ্যাঁচড়া, লোকদেখানো কাজ দিয়ে সমস্যার সমাধান হবে না।’ তিনি বলেন, দেশে ও বিদেশে সফল উদাহরণ আছে। সেগুলোকে আদর্শ ধরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।