নদী দূষণের দায়ে ৫৯ লাখ টাকা জরিমানা, ২ কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য ফেলে নদী দূষণ করায় টাঙ্গাইলে তিনটি কারখানাকে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব ও পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় দুটি কারখানার উৎপাদন-কার্যক্রম বন্ধ করেও দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরী জানান, সদর উপজেলার করটিয়া এলাকায় অবস্থিত আলাউদ্দিন টেক্সটাইল মিলস, বিসিক শিল্পনগরে অবস্থিত ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এবং সুপ্তি কেমিক্যাল কারখানার বর্জ্যে টাঙ্গাইলের ওপর দিয়ে প্রবাহিত লৌহজং নদীর পানি দূষিত হওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানকালে ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং নামক কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট বন্ধ পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের দলটি ইটিপি প্লান্টের কাছে উপস্থিত হওয়ামাত্র কারখানার ইটিপি অপারেটর দৌড়ে ইটিপি চালু করার চেষ্টা চালালে তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ কারখানাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে আলাউদ্দিন টেক্সটাইল মিলে ইটিপি চালু থাকলেও অপর একটি বাইপাস লাইনের মাধ্যমে টেনে নেওয়া পাইপ দিয়ে নদীতে দূষিত তরল বর্জ্য ফেলার ঘটনা ধরা পড়ে। এ কারখানার দূষিত তরল বর্জ্যের কারণে লৌহজং নদীর পানির উপরের স্তরে একটি কালো বর্ণের আবরণ পড়ে। এ কারখানা থেকে নির্গত বর্জ্য পানির নমুনা কারখানার কর্মকর্তাদের উপস্থিতিতে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় মাত্র ১.২৬ মিলিগ্রাম-লিটার (আদর্শ মাত্রা—৪.৫—৮)। এ কারখানার উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এ কারখানায় দৈনিক ৪০ হাজার গজ বস্ত্র প্রিন্টিং করা হয়।অন্যদিকে সুপ্তি কেমিক্যাল ওয়ার্কস নামক কারখানায় অভিযান চালালে এতে ইটিপি ছাড়া উৎপাদন অব্যাহত রাখার ঘটনা উদ্ঘাটন হয়। এ কারখানা থেকে এসিডমিশ্রিত পানি নির্গত হয়ে লৌহজং নদীর দূষণের ঘটনা দেখতে পায় অভিযানকারী দল। পরিবেশ ছাড়পত্রবিহীন এ কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং সাত লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরী জানান, কারখানাগুলোকে অবিলম্বে বর্জ্য পরিশোধনাগার কার্যকর-ত্রুটিমুক্তকরণ ও স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা পালনে ব্যর্থ হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন এবং কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, টাঙ্গাইলে এই প্রথম পরিবেশ অধিদপ্তর দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান চালাল।