নদী দূষণের দায়ে ৬০ লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারের মেসার্স বিশ্বাস গার্মেন্টস লিমিটেড নামক নিট ফেব্রিক্স ডাইং ও ফিনিশিং কারখানাকে গতকাল বৃহস্পতিবার ৬০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করেই কেমিক্যাল-মিশ্রিত বর্জ্য ড্রেন এবং খাল দিয়ে বংশাই নদীতে ফেলায় পরিবেশ দূষণ হচ্ছে। এ কারণে ওই কারখানাকে এ জরিমানা করা হয়। গত বুধবার মেসার্স বিশ্বাস গার্মেন্টস লিমিটেডে অভিযান চালিয়ে দীর্ঘ ১২ বছর পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা এবং ইটিপি স্থাপন না করার প্রমাণ পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন ও ক্ষতিপূরণের নির্দেশ দেন। এ অভিযানে এই কারখানার মাধ্যমে ১ জানুয়ারি ২০০৫ থেকে ২৯ জুন ২০০৫ এবং ১ ডিসেম্বর ২০০৯ থেকে ১৮ আগস্ট ২০১০ পর্যন্ত মোট এক লাখ ৯০ হাজার ঘনমিটার অপরিশোধিত তরল বর্জ্য বংশাই নদীতে ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। গতকাল ওই প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হলে বিশ্বাস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানের পরিচালক এবং কোম্পানি সচিব আগামী ছয় মাসের মধ্যে ইটিপি স্থাপন, বর্জ্য নির্গমন বন্ধ এবং পরিবেশ আইনের সব বিধিবিধান মেনে চলার লিখিত অঙ্গীকার করেন। এদিকে তেজগাঁও শিল্প এলাকায় ১৭ জুলাই অভিযান চালিয়ে উইন থ্রেড কোম্পানি নামক একটি ইটিপিবিহীন নিট ফেব্রিক্স ডাইং কারখানার সন্ধান পাওয়া যায়। এ কারখানারও কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। কারখানার তরল বর্জ্য তেজগাঁওয়ের বেগুনবাড়ী খাল দূষিত করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে ওই কারখানার কাছ থেকে দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অবিলম্বে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।