নদী দূষনকারীদের বিরুদ্ধে কঠোর আইন করা হবে
আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার, শৈলমাশী গ্রাম যাতে না ভাঙে সে জন্য নদী খনন এবং নদী দূষনকারী শিল্পের মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট গঠনসহ কঠোর আইন করার ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ২৮ তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়েছে, র্যাব ও নৌ-পুলিশের কার্যালয় স্থাপনের জন্য জায়গা দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার জন্য আদালতের দিক নির্দেশনা নেওয়া হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সভায় জানানো হয়, র্যাব ও নৌ-পুলিশের কার্যালয় স্থাপনের জন্য কোন জায়গা দেওয়া যায় তা নির্ধারণ করার আগে আদি বুড়িগঙ্গা জরিপ বিষয়ক প্রস্তাবনা দেওয়ার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে টাস্কফোর্সের সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবে। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যেসব জায়গা উদ্ধার করেছে সেসব জায়গায় বনায়ন ও সৌন্দর্য বর্ধন করা হবে। হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে দ্রুত স্থানান্তরের যে সিদ্ধান্ত এ বিষয়ে অগ্রগতি ও পরবর্তী করণীয় বিষয়ে শিল্প মন্ত্রীর সমন্বয়ে সাভারে একটি সভা আহ্বানের ব্যবস্থা করা হবে।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইন মন্ত্রী আনিসুল হক, সাংসদ সৈয়দ আবু হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।