নদী ধ্বংস হচ্ছে দখলে-দূষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদ-নদী ধ্বংসের প্রধান কারণ হচ্ছে অবৈধ দখল, বেআইন ও অনৈতিক দূষণ, লাগামছাড়া উন্নয়ন কর্মকাণ্ড এবং এসব বিষয়ে প্রশাসনিক উদাসীনতা। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে আন্তসীমান্ত সমস্যাও নদী ধ্বংসের জন্য দায়ী।‘বাংলাদেশের নদী পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১১’তে এ কথা বলা হয়েছে। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন এই প্রতিবেদন প্রকাশ করেছে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বাপার সাধারণ সম্পাদক ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক মো. আবদুল মতিন সংবাদ সম্মেলনে প্রতিবেদনের মূল বক্তব্য উপস্থাপন করেন।দেশের ৭৩টি নদীর ওপর প্রণীত ২৫৫টি প্রতিবেদনের মূল বক্তব্য তুলে ধরে আবদুল মতিন বলেন, নদীগুলোর প্রধান সমস্যা হলো পানির পরিমাণ ও প্রবাহ কমে যাওয়া, দূষিত বিষাক্ত পানি, ভরাট হওয়া বা করা, নদীভাঙন, অবৈধ দখল এবং নদীর জায়গায় অবকাঠামো বা বালু-ইট-রাস্তা-শৌচাগার-দোকান-ফসলের খেত করা।বাপার সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান সংবাদ সম্মেলনে বলেন, নদীর দশা দেখে সহজেই বোঝা যায়, একটি বিশেষ মহলের লোভের কারণে নদীগুলো দখল ও দূষণের শিকার এবং নদী ধ্বংস একটি চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণকে অধিক গুরুত্ব দিতে হবে। সংবাদ সম্মেলনে বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।