নদী পাড়ি দিতে গিয়ে গেল প্রাণ
নাটোরে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গত সোমবার নদী পাড়ি দিতে গিয়ে প্রাণ গেল নাজমুল হোসেন (১৬) নামের এক কিশোরের। ছয় ঘণ্টার চেষ্টায় ওই দিন রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।
নাটোর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে নাটোর সদর উপজেলার হালসা-মাটিকোপা গ্রামে নন্দকুজা নদীতে চার বন্ধু গোসল করতে গিয়ে বাজি ধরে। এক ডুবে নদী পাড়ি দিতে পারলে অন্য বন্ধুদের কাছ থেকে পাঁচটি টাইগার ড্রিংকস (পানীয়) পাওয়ার শর্তে ডুব দেয় নাজমুল। কিন্তু নদীতে নামার পর সে নিখোঁজ হয়। খবর পেয়ে নাটোর ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। রাত নয়টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরি দল নাজমুলের লাশ উদ্ধার করে। নাজমুল হালসা এলাকার দাইড়পাড়া গ্রামের রওশন আলীর ছেলে। সে স্থানীয় মাটিকোপা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
ডুবুরি দলের প্রধান রফিকুল ইসলাম বলেন, নাজমুল ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৫০ হাত পূর্ব দিক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পানির নিচে কোথাও আটকে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।