নদী পারাপারের একমাত্র ভরসা 'নড়বড়ে' সাঁকো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি ঘাটে খলিশাডাঙ্গা নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের নড়বড়ে সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত এই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করছে এলাকার হাজারো মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাস সত্ত্বেও এখানে পাকা সেতু হচ্ছে না।
জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বড়াইগ্রাম উপজেলার ব্রহ্মত্রপারগোপালপুর এলাকায় গিয়ে দেখা যায়, খলিশাডাঙ্গা নদী পারাপারের একমাত্র ভরসা গড়মাটি ঘাট-ব্রহ্মত্রপারগোপালপুর বাঁশের সাঁকো। ব্রহ্মত্রপারগোপালপুর গ্রামের জহুরুল ইসলাম বলেন, এই সাঁকোটি গোপালপুর ইউনিয়নের গড়মাটি ও নওগ্রাম, নগর ইউনিয়নের ব্রহ্মত্রগোপালপুর, পারগোপালপুর, মহেশপুর, পারকোল ও দ্বারীখৈর এবং চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সেতুবন্ধ। ১০ বছর ধরে তারা এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। সাঁকোর অদূরে গড়মাটি এলাকা দিয়ে রয়েছে নাটোর-পাবনা মহাসড়ক। সাঁকোর উভয় পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, বাজার ও একাধিক মসজিদ-মন্দির। সাঁকোর পাশে বসবাসকারী শিরিনা বেগম বলেন, শিশু ও বয়স্ক মানুষের জন্য সাঁকোটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যের সহযোগিতা ছাড়া শিশু ও বয়স্ক ব্যক্তিরা সাঁকো পার হতে পারেন না।
ব্রহ্মত্রপারগোপালপুর গ্রামের সোলায়মান হোসেন বলেন, গ্রামের মানুষ নিরুপায় হয়ে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০ বছর আগে দুই লাখ টাকা চাঁদা তুলে ২২০ ফুট দীর্ঘ ৬ ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করেন। বাঁশ পচে যাওয়ায় প্রতিবছরই প্রায় ২০ হাজার টাকা খরচ করে সাঁকোটি সংস্কার করতে হয়। স্থানীয় সমাজসেবক ওমর আলী জানান, স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে অনেক আগে মাপজোখ করাও হয়েছে। কিন্তু এরপর আর কাজ এগোয়নি।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, গড়মাটি ঘাটে পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও নগর ইউপির চেয়ারম্যান সামসুজ্জোহা বলেন, পরিষদের পক্ষে এত বড় পাকা সেতু নির্মাণ করা সম্ভব নয়। এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।