নদী পুনঃখনন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে এসব উন্নয়ন প্রকল্পে কী পরিমাণ অর্থ দেওয়া হবে তা পরে চূড়ান্ত করা হবে। গতকাল ঢাকায় বাংলাদেশ ও কাতারের আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও কাতারের নেতৃত্ব দেন সে দেশের সফররত আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মেদ আল আত্তিয়াহ। বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, কাতার খুব শিগগিরই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক দক্ষ ও আধাদক্ষ শ্রমিক নেবে। তিনি জানান, দক্ষ জনশক্তি নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে একটি সেবিকা (নার্স) প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক স্থাপনেও সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।নৌচলাচলের প্রধান রুটগুলো গতিশীল রাখতে বাংলাদেশ সরকারের পরিকল্পনার বিষয়টি আলোচনায় তোলা হলে কাতার সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে নদী পুনঃখননে তারা কত টাকা দেবে সেটি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেননি। জানা গেছে, এ ক্ষেত্রে আর্থিক সহায়তার বিষয়টি পরে চূড়ান্ত করা হবে। নদী পুনঃখননের কাজে সহায়তা প্রস্তাবের সূত্রে কাতারের সফররত প্রতিমন্ত্রীর আজ শুক্রবার মাওয়া যাওয়ার কথা রয়েছে।এ ছাড়া কাতার বাংলাদেশের কাছে তিন লাখ টন ইউরিয়া সার বিক্রি করবে। সরকারিভাবে ২০১১ সালের মধ্যে এ সার সরবরাহের প্রক্রিয়া শেষ হবে।