
সুরমা নদীর উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জের সীমান্ত এলাকার অমলসীদ। সেখানে ভারত থেকে আসা বরাক নদ এবং সুরমা ও কুশিয়ারা নদীর মোহনা। সুরমার উৎসমুখ পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদী বাঁচাতে উৎসমুখ খননের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে অমলসীদ এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে হবিগঞ্জে ও মৌলভীবাজারে সমাবেশসহ পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
সিলেটে বাপার কর্মসূচিতে সুরমা রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ নামের নদী অধিকারবিষয়ক দুটি সংগঠন সংহতি প্রকাশ করে। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, সিলেটে ২০০৮ সাল থেকে বাপা এ দিবস পালন করছে। দুই দশক পূর্তিতে এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গত সোমবার সিলেট নগরে সুরমাতীরের চাঁদনি ঘাট এলাকায় ‘গানে কবিতায় নদী’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনে সিলেট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে সুরমা নদীর উৎসমুখ অমলসীদ এলাকায় মানববন্ধন করা হয়। এতে একাত্ম হন তিন নদীর মোহনার বাসিন্দাসহ জকিগঞ্জের শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচির শুরুতে বাপার পক্ষ থেকে সুরমার উৎসমুখ সম্পর্কে বলা হয়, ভারতের আসাম রাজ্য থেকে পশ্চিম দিকে প্রবাহিত বরাক বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তের অমলসীদে দুটি ধারায় বিভক্ত হয়েছে। বাংলাদেশ সীমান্তরেখা হয়ে সুরমা ও পশ্চিম-দক্ষিণ দিকে চলে যাওয়া প্রবাহটি কুশিয়ারা নাম ধারণ করেছে। তিন নদীর মোহনার অমলসীদ এলাকা পুরোটা চর থাকায় সুরমার উৎসমুখ প্রায় বন্ধ হয়ে গেছে। ছোট একটি খালের মতো কুশিয়ারা নদীর পানিপ্রবাহ সচল রেখেছে। জকিগঞ্জের আমলসীদ থেকে সুরমা নদীর ৩২ কিলোমিটার এলাকায় ৩৫টির মতো চর জেগে উঠেছে।
হবিগঞ্জে বাপা, খোয়াই রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের পক্ষ থেকে ‘নদীর গল্প শুনি, নদীর ছবি দেখি ও নদীর জন্য স্বাক্ষর করি’ শিরোনামে এক কর্মসূচি পালিত হয়েছে। বাপা হবিগঞ্জের সভাপতি মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম। নদীর গল্প শুনিয়েছেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রৌশন সুলতানা, বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম, সমাজসেবক প্রকৌশলী আবদুল মুনিম চৌধুরী প্রমুখ।
এর আগে অতিথিসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই নদী রক্ষার জন্য স্বাক্ষর করেন। এ ছাড়া বেলা ১১টা থেকে নদী নিয়ে শিশু-কিশোরদের আঁকা শতাধিক ছবির প্রদর্শনী হয়। এ সময় নদী বিষয়ে কবিতা আবৃত্তি করেন অজয় রায় ও গৌরী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আলা উদ্দিন আহমেদ, বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন প্রমুখ।
অন্যদিকে গোপলা নদী রক্ষার দাবিতে নদীর কাছেই দাঁড়ালেন এলাকার মানুষ। জেলার হাইল হাওর থেকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নে ভেতর দিয়ে বয়ে গেছে নদী। এলাকাবাসীর দাবি, গোপলা নদীকে প্রবহমান রাখতে নদী খনন ও ভরাট রোধ করতে হবে। মাছ ও কৃষির ওপর নির্ভরশীল মানুষদের জীবিকার জন্য গোপলাকে বাঁচাতে হবে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গতকাল দুপুরে আপার কাগাবলা ইউনিয়নের কাগাবলা সেতুর কাছে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাপা। এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, কৃষক, মৎস্যজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন বাপা জেলা শাখার সমন্বয়ক আ স ম সালেহ সুহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাগাবলা ইউপির চেয়ারম্যান মো. আজির উদ্দিন, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক হুমায়ূন কবীর, পরিবেশকর্মী অজয় সেন প্রমুখ।
ব্রাজিলের কুরিতিবা শহরে ১৯৯৭ সালে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত হয়। এবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের দুই দশক পূর্তি হলো।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার প্রতিনিধি}