নদী বাঁচানোর দাবিতে খুলনায় মানববন্ধন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলো বাঁচাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন পালন করা হয়েছে।আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে বাপার খুলনা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘একশ্রেণীর দুর্বৃত্তর নদী দখল, ভূমি আগ্রাসন, নদীবক্ষে বর্জ্য ও নোংরা বিষাক্ত দ্রব্য নিক্ষেপ নদীকে বিষাক্ত ও ধ্বংস করছে। এ ছাড়া ভারতের পানি আগ্রাসনের কারণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে। তাই সব নদীতে বাঁধ দেওয়া ও আন্তনদী-সংযোগ প্রকল্প বাস্তবায়ন বন্ধ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।’বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাফর ইমাম, মাজাহারুল হান্নান, এস এম দাউদ আলী, শেখ আশরাফ উজ-জামান, কুদরত-ই-খুদা, আবুল হোসেন, শেখ আবদুল হালিম, লোকমান হাকিম, মফিদুল ইসলাম, মনিরুল হক, খালিদ হোসেন, আলমগীর ইসলাম, মাহাবুবুল আলম, খেজের আহমেদ প্রমুখ।