নদী ভরাট করে আশ্রয়ণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার চোরখালী গ্রাম এলাকায় নবগঙ্গা নদী ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হচ্ছে। এর প্রতিবাদে ওই গ্রামের লোকজন নদীর পাড়ে গতকাল বুধবার সকালে মানববন্ধন করে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সেখানে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের শেষের দিকে কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বেশ কিছুসংখ্যক লোক নিয়ে জড়ো হন। এ সময় তারা বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের ওপর চড়াও হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মতিয়ার রহমান বলেন, এটি প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। অনেক দিন ধরে যাচাই-বাছাই করে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তখন কেন এলাকাবাসী বাধা দেয়নি।
মানববন্ধনে জয়পুর ইউপির চেয়ারম্যান ফকির আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাসসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ অংশ নেয়। তারা ব্যানার ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। নদী ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরির প্রতিবাদ জানিয়ে সেটি বন্ধের দাবি জানায়।
মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, ‘এই নবগঙ্গা নদী ব্রিটিশ শাসনামল থেকে মাগুরা থেকে নড়াইল হয়ে খুলনা জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নদী ভরাট বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ আকতার হোসেন বলেন, এটি ভরাট করলে পরিবেশ বিপর্যয় ঘটবে।
মসিয়ূর রহমান বলেন, সরকার যেখানে নদী রক্ষায় নদী খনন করছে, সেখানে এভাবে নদী ভরাট মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরসহ বেশ কিছু সামাজিক স্থাপনা রয়েছে। নদীর প্রায় অর্ধেক ভরাট করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নদী ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিম-উত্তর কোণে নদীর মাঝখানে দুটি খননযন্ত্র বসানো হয়েছে। এ খননযন্ত্র দিয়ে বালু তুলে নদী ভরাট করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুই একর আট শতাংশ জমির ওপর ‘কাশিপুর আশ্রয়ণ প্রকল্প’ তৈরি করা হচ্ছে। এতে কাবিখার নীতিমালায় মাটি ভরাট করতে ১৬৯ দশমিক ৩৩৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর এটি অনুমোদন দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার কথা আগামী ৩০ নভেম্বর। এ প্রকল্প কমিটির সভাপতি মতিয়ার রহমান।
আশ্রয়ণ প্রকল্পের নীতিমালা থেকে জানা গেছে, এটি কৃষি খাসজমিতে করতে হবে। নদী তীরের জমি হলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমতি নিতে হবে।
পাউবো নড়াইলের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ওই প্রকল্পের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুন বলেন, ‘খননযন্ত্র জব্দ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি।’