নদী ভরাট করে খাল, খাল ভরাট করে স্থাপনা
নীলফামারীর বামনডাঙ্গা নদীর আশপাশের লোকজন কয়েক বছর ধরে এটি ভরাট করে খালে পরিণত করেছে। এরপর খাল দখল করে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। ফলে বর্ষায় শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।বাড়াইপাড়ার মানিক মিয়া (৬৫) বলেন, ‘বয়সকাল থাকি দেখি আইসেছি এই নদীটা। এই নদীত মাছ মারি কত মাইনসের সংসার চইললো। এখন নদীটা দিনে দিনে হেরে যায়ছে। নদীর জমিত মানুষ ঘর-দুয়ার তুলেছে। প্রথমে শুকান নদীত রোয়া গাড়েছে, তামাক করেছে, আস্তে আস্তে দখল করি ভরাট করি ঘর-দুয়ার তুলেছে।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী থেকে যমুনেশ্বরী নদীর একটি শাখা জেলা সদরের পাশ ঘেঁষে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ইটাখোলা ইউপির বামনডাঙ্গা হয়ে আবারও যমুনেশ্বরী নদীতে মিলিত হয়েছে। অনেকে এটিকে বামনডাঙ্গা নদী বলে।পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের পানি নিষ্কাশনব্যবস্থার জন্যই নদীটি রক্ষার উদ্যোগ নেওয়ার পর দখলদারেরা তাঁদের দলিলপত্র দেখাচ্ছেন। তাই বাধ্য হয়ে পানি নিষ্কাশনের স্বার্থে তাঁদের সঙ্গে আলোচনা করে ২০০৭ সালে ৪০ থেকে ৪৫ ফুট প্রশস্ত নদীর মূল প্রবাহপথ খনন করা হয়েছে।৫ মে সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া খরস্রোতা যমুনেশ্বরীর শাখা নদী বামনডাঙ্গার ওপর গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। স্থাপনার পাশ দিয়ে করে দেওয়া খালটিও এখন ভরাটের প্রতিযোগিতা চলছে। ওই খালের ওপর বাড়াইপাড়া এলাকায় পিলার করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন শহরের দমকল সড়কের আবদুল কুদ্দুস চৌধুরী। সম্প্রতি ওই স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সেখানে ওই কাজে নিয়োজিত রাজমিস্ত্রি আবুল কাশেম বলেন, ‘আমরা তো এটা বুঝি না। আমাদের করতে বলেছে, আমরা করছি। এখন পৌরসভা করতে বাধা দিয়েছে, আমরা কাজ বন্ধ রেখেছি।’ওই জায়গার মালিকানা দাবিদার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘এটা এখন কোনো নদী না, এটা নালা। নালার ওই পাড়ে আমার জমি, এই পাড়েও আমার জমি। সে হিসেবে নালাটাও (খাল) আমার। এটা নদী হলে খাস হতো, কিন্তু এখানে কোনো খাস সম্পত্তি নেই। আমি এখানে সীমানাপ্রাচীর দেওয়ার জন্য পিলার করছি। তবে পৌরসভা বাধা দেওয়ায় আপাতত কাজ বন্ধ রেখেছি।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমি নালার জন্য আমার ওই ধারের জমি ছেড়ে দিব বলে পৌরসভাকে বলেছি।’এর পাশেই খালের জায়গায় নির্মাণ করা হয়েছে একটি অটোরাইস মিল। আর রাইস মিলের বর্জ্যে পাশের নালাটি ভরাট হয়ে গেছে। অটোরাইস মিলের মালিক আজিজুল হক বলেন, ‘১৯৪০ সালের রেকর্ডেও এটা নদী বলে কোনো কাগজপত্রে নেই, মানচিত্রেও নেই। আমি আমার চাচাতো ভাই মাহফুজার রহমানের কাছ থেকে ৯০ শতাংশ জমি কিনে এখানে রাইস মিল করেছি।’নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, ‘২৫ বছর আগেও ওটা খরস্রোতা নদী দেখেছি। ১৯৮৮ সালের বন্যায় ওই নদীর প্রায় সব সেতু ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা যমুনেশ্বরীর একটি শাখা নদী।’ অনেকে বামনডাঙ্গা নদী বলেন। কিন্তু অজ্ঞাত কারণে ১৯৪০ সালের রেকর্ডে কোনো নদী নেই।