নদী ভরাট করে গুচ্ছগ্রাম

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ‘মঙ্গলহাটা’ নামে গুচ্ছগ্রাম তৈরি করতে নবগঙ্গা নদী ভরাট করা হচ্ছে। নদীর মধ্যে গুচ্ছগ্রাম করতে গিয়ে জমি বরাদ্দে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় সাংসদ ও পরিবেশবাদীরা ক্ষোভ প্রকাশ করেছেন৷
এদিকে উপজেলায় পাঁচটি গুচ্ছগ্রাম তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব গুচ্ছগ্রাম তৈরির সাত সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ইউএনও।
লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মো. আবদুল মোতালেব বলেন, ‘মঙ্গলহাটা’ নামে গুচ্ছগ্রাম তৈরি করা হচ্ছে পৌর এলাকার লক্ষ্মীপাশা তহশিলের রাজুপুর মৌজায়। এটি নবগঙ্গা নদীর ৪৪ ও ৬৯ দাগের জমি। গুচ্ছগ্রাম তৈরি করতে এ জমিকে জালিয়াতি করে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা মৌজায় দেখানো হয়েছে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুন বলেন, ‘গুচ্ছগ্রাম করতে হলে ভূমি মন্ত্রণালয় থেকে কৃষি খাসজমি বরাদ্দ নিতে হয়। এ জমি বরাদ্দে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর জন্য উপজেলা পর্যায়ে ১৩ সদস্যের ভূমি বন্দোবস্ত কমিটি আছে। এর সভাপতি ইউএনও এবং সদস্যসচিব সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ওই গুচ্ছগ্রামের জন্য জমি বরাদ্দের কোনো তথ্য আমার অফিসে নেই। হয়তো এর প্রকৃত অনুমোদন হয়নি।’
গুচ্ছগ্রাম তৈরির নীতিমালা থেকে জানা গেছে, গুচ্ছগ্রাম কৃষি খাসজমিতে পৌর এলাকার বাইরে করতে হবে। নদীতীরের জমি হলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমতি নিতে হবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলহাটা গুচ্ছগ্রাম তৈরি করতে পৌর এলাকায় নবগঙ্গা নদীর এক একর ৫৩ শতাংশ জায়গা ভরাট করা হয়েছে। এটি ভরাট করতে ৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কাবিখার নীতিমালার আওতায় শ্রমিক দিয়ে ভরাট করার কথা থাকলেও খননযন্ত্র দিয়ে বালু তুলে তা ভরাট করা হয়েছে। উপজেলা চত্বরে এ গুচ্ছগ্রামের খঁুটি ও জানালা-দরজা তৈরি করা হয়েছে।
এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরে উপজেলার মাইগ্রাম, রায়গ্রাম ও পাংখারচর এবং ২০১৩-১৪ অর্থবছরে শিয়রবরে গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে। মাইগ্রামে ৩০টি, রায়গ্রামে ৪০টি, পাংখারচরে ৩৩টি এবং শিয়রবরে ৩০টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর নির্মাণেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সরেজমিন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য মূল ঘর, রান্নাঘর ও শৌচাগার নির্মাণ করতে এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। মূল ঘরের বারান্দায় অল্প জায়গায় রান্নাঘর নির্মাণ করায় বাসিন্দাদের পুনরায় রান্নাঘর নির্মাণ করতে হয়েছে। টিনের চালা ও বেড়ার এ ঘরগুলোতে খোয়া, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি খঁুটি ব্যবহার করা হয়েছে। অধিকাংশ নলকূপ অকেজো হওয়ায় পানির সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সাত লাখ ১৮ হাজার ৩০০ টাকা বরাদ্দের মাল্টিপারপাস হলগুলোতে ফাটল দেখা দিয়েছে।
মাইগ্রাম গুচ্ছগ্রামের বাসিন্দা রহমান খোন্দকার বলেন, ইউএনও রান্নাঘর নিজেদের তুলে নিতে বলেছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অধিকাংশ খঁুটিতে ফাটল ধরেছে। মাল্টিপারপাস হলের অবস্থাও একই। তিনটি নলকূপের দুটি শুরু থেকেই অকেজো। পাংখারচর গুচ্ছগ্রামের বাসিন্দা হাসি বেগম বলেন, ঘরের খঁুটিতে ফাটল ধরেছে। ফলে যেকোনো সময় ধসে পড়তে পারে৷
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, নদী বাঁচাতে সারা দেশে নদী খনন করা হচ্ছে। বিশ্ববাসী নদী বাঁচাতে তৎপর। অথচ লোহাগড়ায় অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই নদী ভরাট করে গুচ্ছগ্রাম তৈরি করা হচ্ছে। পাউবো নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, নদীতীরে গুচ্ছগ্রাম করতে হলেও পাউবোর অনুমতি নিতে হবে। মঙ্গলহাটার ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি। নড়াইল জেলা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এস এ মতিন বলেন, ‘নদী ভরাট করা দুর্বৃত্তায়ন। এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।’
ইউএনও রেবেকা খান বলেন, ‘মঙ্গলহাটা নামে গুচ্ছগ্রাম তৈরি করতে আমি এখানে আসার আগে জমি বরাদ্দ নেওয়া হয়। অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাইব। অন্য গুচ্ছগ্রামগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়েছে। অন্যদের দিয়ে কাজ করাতে হয়, তাই ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে।’
সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুন বলেন, ‘গুচ্ছগ্রাম তৈরির বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কাজে ডাকা হয়নি। অথচ প্রতিটি খরচের ভাউচারে প্রকল্প কমিটির সব সদস্যের অনুমোদন নেওয়ার কথা৷’