নদী ভরাট করে চাষ!
বর্যাকালে হাঁটু বা কোমর পর্যন্ত পানি থাকে। শুষ্ক মৌসুমে পানিই থাকে না। এই করুণ অবস্থা একসময়ের খরস্রোতা করতোয়া নদীর। এ সুযোগে শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন নদীর তলদেশ অবৈধভাবে ভরাট করে ধান, ভুট্টা, গম, তিলসহ নানা ফসলের চাষ করছে। তাই মাঝনদীতে বড় বড় ঢেউয়ের পরিবর্তে এখন শোভা পাচ্ছে সবুজ ফসল। এতে কিছু দিনের মধ্যেই নদীটি মরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনই এ অপতৎপরতা বন্ধ না করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক নাজমুল হক জানান, নদীর পাড় ও তলদেশ মাটি দিয়ে ভরাট করে ফসলের চাষ করা অবৈধ। এ ব্যাপারে কোনো আইনও নেই। নদীর জমি খাস। খাসজমি বন্দোবস্ত বা বরাদ্দ দেওয়ার বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করে। এভাবে নদী দখল করে যারা চাষ করছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনই ব্যবস্থা নিতে পারে। তবে এভাবে ভরাট করলে নদী মরে যায় এবং পরিবেশ-প্রতিবেশের ওপর পড়ে বিরূপ প্রভাব। এতে নদীতে ব্যাহত হয় মাছের বংশবিস্তার।সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাড়িদহ থেকে সুঘাট ইউনিয়নের কল্যাণী পর্যন্ত করতোয়া নদীর প্রায় ৩০ কিলোমিটার এলাকা এখন নালায় পরিণত হয়েছে। নদীর এই অংশের দুই পাশ ও মাঝামাঝি প্রায় ১০০ একর জমি মাটি দিয়ে অবৈধভাবে ভরাট করে ফসলের চাষ করা হচ্ছে। নদীর উভয় পাড়ের জমির মালিকেরা এভাবে নদী দখল করছে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে খননের মাধ্যমে করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ১৯৯০ সালে পুনরায় নদীটি খনন করা হয়। পরে ধীরে ধীরে পলি পড়ে এবং অবৈধ দখলদারের মাটি দিয়ে ভরাট করায় এটি নালায় পরিণত হয়। নদীর তীরের বাসিন্দা চুনি লাল কুণ্ডু, নীপেন দাস ও ধীরাজ উদ্দিন জানান, এই নদীতে স্বাধীনতার পরও বড় বড় লঞ্চ ও নৌকা চলাচল করত। একসময় জিওনীপাড়া, হাওলদারপাড়া, কাশিয়াবালা, ভীমজানি, কল্যাণী গ্রামের জেলেরা এখানে মাছ ধরে সংসার চালাতেন। ধীরে ধীরে নদীর পানি কমে যাওয়ায় জেলেরা সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। শেরপুর উপজেলার ছোট ফুলবাড়ী গ্রামের মো. ফরহাদ হোসেন ও মো. আল-আমীন অবৈধভাবে নদী দখল করে ফসল চাষ করার কথা স্বীকার করে জানান, তাঁদের মতো দুই শতাধিক ব্যক্তি করতোয়া নদী দখল করে জমি তৈরি করেছেন। সরকার চাইলে তাঁরা নদীর জমি ফিরিয়ে দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, নদীর তলদেশ মাটি দিয়ে ভরাট করে ফসল চাষের বিষয়ে কেউ তাঁর কাছে অভিযোগ করেনি। এমনকি ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বশীল কেউ এ ধরনের সংবাদ তাঁর কাছে পৌঁছায়নি। তবে তিনি নদী দখল করে যাঁরা অবৈধভাবে জমি তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।