নদী ভরাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে বংশী নদীর তীরে বালুর গদি বসিয়ে নদী ভরাটের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য কমিশন। গত মঙ্গলবার তথ্য কমিশনে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক অভিযোগের শুনানিকালে ভারপ্রাপ্ত তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দেন।
ঢাকার ধামরাই পৌরসভা থেকে বাংলা ১৪২২ সালের জন্য ইসলামপুর বালুঘাট ইজারা নিয়ে অর্ধশত ব্যবসায়ী বংশী নদীর তীরে বালুর গদি বসিয়ে ব্যবসা করছেন। এর প্রভাবে ভরাট হয়ে ক্রমশ ছোট হয়ে আসছে নদী।
ইসলামপুর এলাকার বংশী নদীর তীরে গড়ে ওঠা বাজার, বালুঘাটের জমির মালিকানা, পৌর এলাকার হাট-বাজার ও পৌরসভার ওপর দিয়ে চলাচলকারী যানবাহন স্ট্যান্ডের ইজারা-সংক্রান্ত তথ্য চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে গত ২৬ এপ্রিল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। তথ্য না পেয়ে মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের কাছে আপিল করা হয় ২৩ জুন। এরপরও কোনো তথ্য সরবরাহ করা হয়নি। অবশেষে ৫ আগস্ট তথ্য কমিশনে অভিযোগ করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের উপস্থিতিতে গত মঙ্গলবার কমিশনে শুনানি হয়। এর আগে গত সোমবার পৌরসভা থেকে আংশিক তথ্য সরবরাহ করা হয়।
পৌরসভা থেকে ইসলামপুর এলাকার বাজার ও বালুঘাট এলাকার জমির মালিকানা-সংক্রান্ত কোনো তথ্য সরবরাহ করা হয়নি। সরবরাহ করা তথ্যে পৌরসভার ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে পার্কিং ফি আদায়ের জন্য ইজারা দেওয়ার বিষয় উল্লেখ রয়েছে। অথচ পৌর এলাকায় যানবাহনের কোনো স্ট্যান্ড নেই বলে শুনানিতে স্বীকার করা হয়।
শুনানিকালে প্রথম আলোর পক্ষ থেকে বালুঘাট ও যানবাহন স্ট্যান্ডের ইজারার বিষয় কমিশনের গোচরে আনা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার দুটি বিষয়ে সরেজমিনে অনুসন্ধানের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) অনুসন্ধান করে আগামী ১৫ দিনের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগামী শুনানিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানিতে পৌর মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকেও তলব (সমন) করার সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার কমিশনে মোট ১১টি শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে করা দুটি অভিযোগের মধ্যে একটিসহ সাতটি অভিযোগের নিষ্পত্তি হয়।
প্রথম আলোর পক্ষ থেকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে করা অভিযোগটি নিষ্পত্তি করা হয়। গত ২৮ এপ্রিল এক আবেদনে পল্লী বিদ্যুতের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের খাতওয়ারি হিসাব চেয়ে আবেদন করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে কোনো তথ্য না পেয়ে ২৩ জুন মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুজ্জামানের কাছে আপিল করা হয়। এরপরও কোনো তথ্য সরবরাহ না করায় কমিশনে অভিযোগ করা হয় ৫ আগস্ট।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন জারি হলে গত সোমবার ডাকযোগে আংশিক তথ্য সরবরাহ করা হয়। গতকাল শুনানিতে অংশ নিয়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ তথ্য দিতে রাজি হন পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা কে ই তুহিন।
শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার খুরশীদা বেগম সাঈদ ছাড়াও কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।