নদী ভরাটের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী ভরাটের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীর শিমলাবাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জানা গেছে, শিমলাবাজারের পশ্চিম পাশ ঘেঁষে যমুনার শাখা সূবর্ণখালী নদী বয়ে গেছে। ওই স্থানে নদীটি ভরাট করে আবাসিক এলাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ পালিত হয়। সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক মুহম্মদ আবদুল মান্নান, সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে গোলাম মোস্তফা ও আবদুল কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ. হক তরফদার প্রমুখ। সরিষাবাড়ীর ইউএনও মুহাম্মদ কামরুল হাসান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে মাটি ভরাট বন্ধ করা হয়েছে।