নদী রক্ষা ও পুকুর ভরাট বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোমতী নদী রক্ষা, পুকুর ভরাট বন্ধ ও অপরিকল্পিত ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়।
সকাল ১০টায় কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই সভা শুরু হয়। সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, আদর্শ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান প্রমুখ।
সভায় জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক বলেন, ‘কুমিল্লা নগরের কান্দিরপাড় নিউমার্কেটে নকশাবহির্ভূতভাবে মানুষের হাঁটার জায়গায় ছয়টি দোকান করে এটিএম বুথ তৈরি করা হচ্ছে। ওই স্থানে বুথ তৈরি করার কারণে মানুষের স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছে। কীভাবে ওই দোকান হচ্ছে জানতে চাই।’
এ প্রসঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন বলেন, ‘কীভাবে দোকান হচ্ছে, তা আমি বলতে পারব না। সিটি করপোরেশনে নকশা অনুমোদনের সঙ্গে প্রধান নির্বাহী, সচিব ও প্রকৌশলীরা জড়িত নন। এ বিষয়ে জেনে পরে বক্তব্য দেওয়া হবে।’
সভায় কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান বলেন, কুমিল্লা নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা খ্রিষ্টানপাড়া পুকুরটি ভরাট হয়েছে। পুরোনো গোমতী নদী ভরাট হচ্ছে। গোমতী নদীর মাটি কাটা হচ্ছে। এসব বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মো. ছামছুল আলম বলেন, যাঁরা পুকুর ভরাট করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে ১৫ ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয়েছে। ভরাটকারীদের ২৫ ফেব্রুয়ারি পরিচালকের দপ্তরে ডাকা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, পুরোনো গোমতী নদী রক্ষা করার জন্য স্থানীয় সাংসদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হোক। এসব বিষয়ে এখনই উদ্যোগ না নিলে বর্ষা মৌসুমে কুমিল্লা নগর তলিয়ে যাবে।