জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১২ সংশোধনের জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলেছেন, বর্তমানে আইনটি যে অবস্থায় আছে তা পাস হলে একটি নির্বাহী ক্ষমতাহীন দুর্বল নদী রক্ষা কমিশন তৈরি হবে। কমিশনের নামে ‘কাগুজে বাঘ’ তৈরি না করে তাঁরা একটি শক্তিশালী নদী রক্ষা কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ‘ত্রুটিপূর্ণ জাতীয় নদী কমিশন আইন: নদী রক্ষায় তা কতটুকু কাজে লাগবে’ বিষয়ে মূল প্রবন্ধ পড়েন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। তিনি বলেন, এই আইন অনুযায়ী কমিশনের কাজ শুধু সরকারকে পরামর্শ দেওয়া। আবদুল মতিন বলেন, আইনে কমিশনের কাজ বলা হয়েছে ‘বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়’। তিনি প্রশ্ন করেন, কমিশনের মতো এ রকম ক্ষমতাহীন একটি প্রতিষ্ঠান কীভাবে নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কাজে সমন্বয় করবে?সংবাদ সম্মেলনে সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, নদী কমিশন গঠিত হলে নতুন আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হবে। নদীর শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই কমিশন কার্যকর ভূমিকা নিতে পারবে না। তিনি নদী দখল রোধে কঠোর আইন প্রণয়নের দাবি করেন।সাংবাদিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, নদীর নিজের বেঁচে থাকার অধিকার রয়েছে। এভাবে নদী রক্ষার প্রচেষ্টা জনগণের সঙ্গে ধাপ্পাবাজি। এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া আর কিছুই না। নদী রক্ষায় দেশে যেসব আইন আছে তা সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।আধুনিক নদী-দর্শনভিত্তিক জাতীয় নদীনীতি গ্রহণ করারও দাবি করেন বক্তারা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পানি বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।