নদী রক্ষার দাবিতে গুরুদাসপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্রাই, নন্দকুঁজা, গুমানী নদী ও চলনবিল রক্ষার দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার পানিশূন্য নন্দকুঁজা নদীতে দাঁড়িয়ে দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন নদী অঞ্চলের লোকজন।
‘চলনবিল রক্ষা আন্দোলন কমিটি’ নামে গুরুদাসপুরের একটি সংগঠন গতকাল সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি আতাহার হোসেনের সভাপতিত্বে গুরুদাসপুর পৌর শহরে চাঁচকৈড় পয়েন্টের নন্দকুঁজা নদীতে অনুষ্ঠিত সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন সাবেক সাংসদ আবুল কাশেম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী এবং নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, নারী ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার লিপি, চলনবিল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বেলার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, চলনবিল কালচারাল মিডিয়ার সভাপতি এম এম আলী আককাছ, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আবুল কালাম আযাদ, কৃষক লীগের নেতা আবদুল আজিজ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালে চারঘাটের অপরিকল্পিত জলকপাট (স্লুইসগেট) নির্মাণের পর থেকে চলনবিলের মধ্য দিয়ে প্রবহমান আত্রাই, নন্দকুঁজা, গুমানীসহ ১৬টি নদ-নদী ও এর শাখা-প্রশাখা পানিশূন্য হয়ে পড়েছে।