নদী রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদ–নদী রক্ষার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ নগরীর বিআইডব্লিউটিএর টার্মিনাল ঘাটে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা l প্রথম আলো
শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদ–নদী রক্ষার দাবিতে গতকাল নারায়ণগঞ্জ নগরীর বিআইডব্লিউটিএর টার্মিনাল ঘাটে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা l প্রথম আলো

নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখা। বিশ্ব নদীকৃত্য দিবসে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা নগরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাপা নারায়ণগঞ্জ জেলার সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক, বাপা নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি নাছিরউদ্দিন, সাধারণ সম্পাদক তারেক বাবু, পরিবেশকর্মী মাঈনুদ্দিন মানিক, জলিল উদ্দিন, জাহানা বেগম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদুল হকসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউটের শিক্ষার্থীরা।

সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন।

এ বি সিদ্দিক বলেন, ‘স্বচ্ছ পানির শীতলক্ষ্যা এখন কুচকুচে কালো পানির নর্দমায় পরিণত হয়েছে। এই নদীর পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই পানি ব্যবহার করলে শরীরে চুলকানিসহ নানা রোগবালাই দেখা দেয়। আমরাই আমাদের নদীকে মেরে ফেলেছি। তাই এখন আমাদের নদী রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।’

শীতলক্ষ্যা নদী ঘিরে স্মৃতিচারণায় মুক্তিযোদ্ধা জালালউদ্দিন বলেন, একসময় শীতলক্ষ্যার পানি মাথায় দিত মানুষ, কেউবা আবার তৃষ্ণায় পান করত। জোয়ার-ভাটায় শীতলক্ষ্যার পানি ওষুধ হিসেবেও বাসায় নিয়ে যেতে। মাছের আনাগোনা দেখা যেত। কিন্তু সেই যৌবন এখন নেই।

আবদুল মতিন বলেন, নদী রক্ষার জন্য হাইকোর্ট নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশ না মেনে জেলা প্রশাসকেরা নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করেছেন। নদীর পাড়ে দেড় শ ফুট শুকনো জায়গা খালি রেখে স্থাপনা নির্মাণ করার বিধান রয়েছে। কিন্তু জেলা প্রশাসকেরা তা মানেননি। তিনি নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানান।

এ কে এম আরিফ উদ্দিন বলেন, নদী রক্ষায় নদীর তীরের দুই পাশ থেকে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকার নদী রক্ষায় আন্তরিক। তিনি বাসা-বাড়িসহ বাজারের ময়লা নদীর পারে ফেলার কারণে দুর্গন্ধ বের হয়। এ ছাড়া
সিটি করপোরেশনের নর্দমার পানি শোধন করে নদীতে ফেলার আহ্বান জানান তিনি।