নদী রক্ষার প্রতিশ্রুতি সরকারের একটি রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদীরা এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের নদীর অবস্থা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৩ প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পরিবেশবাদীরা বলেন, ২০১৩ সালে দেশের ৫৭টি নদী পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এই সময়ে নদী দখল ও দূষণ দুই-ই ব্যাপক হারে বেড়ে গেছে। কমেছে নদীর নাব্যতা। ২০১৩ সালে দেশের ৪৩ দশমিক ২৫ শতাংশ নদীর নাব্যতা কমে গেছে আর নদী দখল হয়েছে ২৭ দশমিক ৯০ শতাংশ। এ সময়ে দূষণ, দখল, বালু উত্তোলন ও অবকাঠামো নির্মাণের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে বুড়িগঙ্গা নদী।
সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের পর্যবেক্ষণ এই দুইয়ের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন এ প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা। মূল বক্তব্য পাঠ করেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। তিনি বলেন, বাংলাদেশে নদীর অবক্ষয়ে প্রধানত দায়ী পানি উন্নয়ন বোর্ড। অকারণে তাদের তৈরি স্লুইসগেট নদী প্রবাহকে ধ্বংস করে দিয়েছে। ৯০ শতাংশ স্লুইসগেট এখন আর কোনো কাজ করে না। অথচ এগুলো রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা ব্যয় হয়। এর পরই সরকারের যে প্রতিষ্ঠানটি নদী ধ্বংসে দায়ী, তা হলো এলজিআরডি। কারণ এরা নদী সমান্তরাল রাস্তা না করে, নদীর বুক চিড়ে রাস্তা তৈরি করে।
আবদুল মতিন বলেন, আমিনবাজার থেকে টঙ্গী সেতু পর্যন্ত তুরাগ তীরবর্তী পাঁচ কোটি ২০ লাখ বর্গফুট এলাকা দখল হয়ে গেছে।
বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, নদীর দখলে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তকেও মাঠ প্রশাসন অগ্রাহ্য করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও মো. নুরুদ্দিন।