নদী রক্ষায় আঞ্চলিক মতৈক্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী ও পানি বিষয়ে প্রতিবেশী দেশগুলো যে যার মতো করে কাজ করছে। অন্য দেশের অধিকার উপেক্ষিত হচ্ছে। দেশের নদীগুলো মরে যাচ্ছে। নদী ও মানুষের অধিকার রক্ষায় আঞ্চলিক মতৈক্যে পৌঁছানো খুবই জরুরি। এই মতৈক্য দরকার চিন্তায়, নীতিতে, আলোচনায়, সিদ্ধান্তে ও বাস্তবায়নে।
গতকাল বুধবার দিনব্যাপী ‘পানি অধিকার ও সাধারণের সুরক্ষা’ ও ‘পানি জাদুঘর-লোকজ ধারা ও সংস্কৃতি’ বিষয়ের ওপর অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
এই কর্মশালার প্রথম পর্ব কুয়াকাটা সমুদ্রসৈকতে ও দ্বিতীয় পর্ব নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে পানি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বরিশাল, পটুয়াখালীর প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বেসরকারি সংস্থার (এনজিও) প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সুবিধাবঞ্চিত মানুষ ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।
প্রথম পর্বে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটির (আভাস) নির্বাহী পরিচালক রহিমা সুলতানা। দ্বিতীয় পর্বের কর্মশালার সঞ্চালনা করেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।
মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘এই উপমহাদেশে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পানি ও নদীর সমস্যা-সম্ভাবনা নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে। যদি সবার মধ্যে একটা সাধারণ ধারণা তৈরি করা যায়, তবে আঞ্চলিক অনেক সমস্যা সমাধান হবে। সেই কারণেই আমরা ওয়াটার কমন্স নিয়ে কাজ করছি।’ অ্যাকশন এইড ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মানুষ ও পানির অধিকার নিয়ে একটি গবেষণা করছে। সেই গবেষণার খসড়া ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের নদীপাড়ের ৯০ ভাগ মানুষ মনে করেন, এ দেশের পানি ও নদী নিয়ে সমস্যার মূল কারণ ভারত।’
অ্যাকশন এইড ভারতের কর্মসূচি ব্যবস্থাপক ও নদী গবেষক বিরেন নায়ক বলেন, আন্তর্দেশীয় নদীর কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু নদী ও পানি নিয়ে দেশগুলোর মানুষ ও সরকারের মধ্যে ধারণা ও আলোচনায় বিস্তর ফারাক আছে। গৌরনদী নিয়ে দেশগুলোর মধ্যে সমস্যা প্রকট। মানুষ ও সরকারের মধ্যে নদী ও পানির ইস্যুতে মতৈক্যে পৌঁছাতে হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, ‘পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। আমাদের দৈনন্দিন সব কাজে পানি দরকার। অথচ আমাদের স্বেচ্ছাচারিতা, নির্বুদ্ধিতার কারণে যে পানি আমাদের জীবন রক্ষা করে, তা আমরাই নষ্ট করে ফেলছি। নদী যদি না থাকে, তাহলে বাংলাদেশ থাকবে না, এর সৌন্দর্য থাকবে না।’
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের পরিস্থিতি ভয়াবহ। সমুদ্রের লবণ পানি আসছে জমিতে। ফলে আমাদের লবণাক্ত এলাকা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। নদীর নাব্যতা কমছে। এর ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর নদীর ওপর সেতু তৈরি করতে গিয়ে পানির প্রবাহ কমে যাচ্ছে। খাল ভরাট করে নিজের মতো করে রাস্তা করা হচ্ছে। আমরা সচেতন বা অসচেতনভাবে প্রতিনিয়ত এভাবে পানিকে নষ্ট করে ফেলছি। ফলে পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে পড়ছে।’
কর্মশালা শেষে কুয়াকাটা ঘোষণা পাঠ করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা। এ ছাড়া প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানের পর অতিথিরা পানি জাদুঘর, নদী ও পানি নিয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন।