নদী রক্ষায় দরকার রাজনৈতিক সদিচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে নদীসংক্রান্ত অনেক আইন ও নীতিমালা রয়েছে। কিন্তু এগুলোর বাস্তবায়নে আন্তমন্ত্রণালয়গত উদ্যোগ ও সমন্বয়ের অভাব রয়েছে। সবচেয়ে বেশি দরকার যে রাজনৈতিক সদিচ্ছা, তা-ও নেই।
‘বিপন্ন নদী, জলাশয়, জলাধার সুরক্ষা এবং পানি দূষণ পরিস্থিতি: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার পানি অধিকার ফোরাম (ডব্লিউআরএফ) ও এএলআরডি এর আয়োজন করে।
সেমিনারে প্রবন্ধকার বুয়েটের অধ্যাপক এম শাহজাহান মণ্ডল বলেন, ঢাকা শহরকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদ-নদী প্রতিনিয়ত দূষিত ও বেদখল হচ্ছে। ঢাকার আশপাশের সাত হাজার শিল্প কলকারখানা এবং নয়টি শিল্পাঞ্চল থেকে প্রতিদিন এই নদীগুলোতে নির্গত হচ্ছে ১৫০ কোটি লিটার তরল বর্জ্য।
নদী ও জলাধার দখলের সঙ্গে জড়িতদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাষ্ট্র—মন্তব্য করেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
সেমিনারের সভাপতি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে নদীসংক্রান্ত আইনগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। দায়িত্বের ঘাটতি রয়েছে, যা সুশাসনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
আরও বক্তব্য দেন বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক ইনামুল হক, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি।