নদী রক্ষায় দরকার রাজনৈতিক সদিচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে কমছে নদীর নাব্যতা, অন্যদিকে চলছে নদী দখল। তার ওপর আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সঙ্গে দূষণ। সব মিলিয়ে হুমকির মুখে নদী আর নদীমাতৃক এই বাংলাদেশ। এ অবস্থা থেকে উত্তরণে দরকার দখল প্রতিরোধ, রাজনৈতিক সদিচ্ছা ও গণসচেতনতা সৃষ্টি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে রিভারাইন পিপল ও অ্যাকশন এইড বাংলাদেশ নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠান ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারের প্রধান অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, নদী রক্ষায় যেভাবে কাজ হওয়া দরকার সেভাবে হচ্ছে না। তিনি দখলদারদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।বিশেষ অতিথি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নদী বা পানি ইস্যুতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে নিজের স্বার্থ রক্ষা করে কাজ করতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, নদী, পরিবেশ রক্ষায় যথেষ্ট আইন আছে। প্রয়োগ বা মানার প্রবণতা নেই। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উন্নয়নকর্মী মোসাব্বের হোসেন সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান।বাপার সংবাদ সম্মেলন: ‘বাংলাদেশের নদী পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১০’ প্রকাশ উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন। এতে নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি পরিহার, দখল-দূষণ কার্যক্রম বন্ধ করাসহ ২০ দফা দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, নদীগুলো রক্ষায় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, নদী দখলের পেছনে একটি কুচক্রী মহল জড়িত।