নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের নদনদী রক্ষায় একটি নদী কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বুড়িগঙ্গা পরিচ্ছন্নকরণ: পদ্ধতি ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সেমিনারের আয়োজন করে।শাজাহান খান বলেন, নদীর তীর অবৈধভাবে দখল ও ভরাট করে অনেকেই শিল্প-কারখানা গড়ে তুলেছেন। অনেক স্থানে নদী দখল করে প্রথমে মসজিদ এবং পরে আশপাশে বাড়িঘর তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘সরকার তো আর মসজিদ ভাঙবে না। আর মসজিদের অছিলায় যেন বাড়িঘর না ভাঙা হয়, সে জন্যই এ কৌশল ব্যবহার করছে দখলকারীরা।’ রাজধানী প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, রাজধানীর অনেক খালের কোনো অস্তিত্বই নেই। কল্যাণপুর খাল দখল করে মার্কেট নির্মাণ করেছেন সাবেক সাংসদ এস এ খালেক। অন্য খালগুলোও জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা দখল ও ভরাট করে ফেলছেন। শাজাহান খান বলেন, ‘আমরা বুড়িগঙ্গায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। হয়তো আমাদের কাজে দুর্বলতা ছিল। তবে তা কাটিয়ে ওঠা হবে।’বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, নদী ও জলাশয় দখল ও দূষণকারীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এটি করা হলে দখল ও দূষণ কমে আসবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ঢাকার চারপাশে ১১৫ কিলোমিটার নদী রয়েছে। নিয়মিত পরিদর্শন করলে এসব নদী দখল ও ভরাট বন্ধ হবে। তিনি বলেন, এ জন্য বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট নিয়োগ করা দরকার। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বৃষ্টির পানিনিষ্কাশন সংযোগ অনেক ক্ষেত্রে সুয়ারেজ সংযোগের সঙ্গে মিশে গেছে। এ পানি নদীতে গিয়ে দূষণের সৃষ্টি করছে। এ জন্য ওয়াসা ও গ্রাহক উভয়ই দায়ী। অনুষ্ঠানে জানানো হয়, বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন মনুষ্য বর্জ্য, হাজারীবাগের ট্যানারি বর্জ্য, ঢাকা ইপিজেড ও সাভারের শিল্পবর্জ্য ফেলা হয়। বর্জ্যের কারণে বুড়িগঙ্গা নদী চরম দূষণের শিকার হয়েছে। সেমিনারে সাংসদ সানজিদা খানম, বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নুরুল ইসলাম, ডেইলি স্টার-এর সম্পাদকীয় পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার (অব.) শাহেদ আনাম খান প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন।