নদী রক্ষায় সদরঘাটে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নদী দিবস-২০১৬ উপলক্ষে ‘নদীর জন্য পদযাত্রা’ শীর্ষক এক কর্মসূচি পালন করেছে দেশের ২৫টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল শনিবার সকাল ১০টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে সদরঘাট পর্যন্ত এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা শুরুর আগে বাহাদুর শাহ পার্কে এক সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমান্বয়ে নদ-নদী দখল হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রতিদিন শত শত টন শিল্প-কারখানার তরল রাসায়নিক বর্জ্য নদীতে মিশছে। এতে নদী দূষিত হয়ে জলজ জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে নদী রক্ষা করতে হবে। সরকারকেও নদীবান্ধব নীতি ও কার্যক্রম গ্রহণ করতে হবে। সবাইকে একত্র হয়ে নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রকৌশলী ইনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, হাওর অঞ্চলবাসীর অন্যতম সমন্বয়ক জাকিয়া শিশির, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নোঙরের চেয়ারম্যান সুমন শামস প্রমুখ বক্তব্য দেন।