নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বুড়িগঙ্গাসহ ঢাকার নদীগুলো দূষণ ও দখলমুক্ত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। নদী রক্ষা করতে সরকারের পাশাপাশি দেশের সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদী রক্ষায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভার কিপার যৌথভাবে এ সভার আয়োজন করে। শাজাহান খান বলেন, বুড়িগঙ্গা রক্ষার জন্য নদীতীরে সীমানা পিলার ও রাস্তা নির্মাণে ৯৯ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করে বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সরকারি উদ্যোগে নদীর ঠিক সীমানায় পিলার বসানো হচ্ছে না। এটা হাইকোর্টের নির্দেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ নদী রক্ষায় সরকারের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘নদী রক্ষায় আমাদের সরকার জগদ্দল পাথরের মতো। তবে সুবিধা হচ্ছে, সবাই মিলে ধাক্কা দিলে পাথরটা একটু নড়ানো সম্ভব।’কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নদীগুলোর এ অবস্থার জন্য আমরা সবাই মিলে দায়ী।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, বুড়িগঙ্গা রিভার কিপারের পক্ষে শরীফ জামিল ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।