শুকনো মৌসুমে বাংলাদেশের ৮৫ শতাংশ মিঠা বা স্বাদু পানি আসে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকা থেকে। ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে এ দেশে মিঠা পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাবে। বোরো চাষ চরম ক্ষতিগ্রস্ত হবে।গতকাল শনিবার রাজধানীতে পরিবেশ ও উন্নয়নবিষয়ক বেসরকারি সংগঠন সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি) আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এই মন্তব্য করেছেন। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রচারণা চালানোর আহ্বান জানান।‘ভারতের নদী সংযোগ প্রকল্প ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য তৌহিদুল আনোয়ার খান। তিনি এতে বলেন, ভারত সরকার বলছে নদী সংযোগের ফলে সে দেশে আড়াই কোটি হেক্টর জমি সেচের আওতায় আসবে। বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদিত হবে। কিন্তু বেশির ভাগ ভারতীয় বিশেষজ্ঞই এই ধারণার সঙ্গে একমত নন। ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার রাজ্যগুলো এ প্রকল্পের বিরোধিতা করছে।বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরার তাগিদ দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। ভারতকে ‘কূটনীতির ক্ষেত্রে পাকা খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে ভারত যতই সহযোগিতা করুক না কেন, সরকারের উচিত হবে নদীর প্রশ্নে ভারতকে কোনোভাবে ছাড় না দেওয়া।’আবুল হাসান চৌধুরী বলেন, ভারতের ভেতরে বাংলাদেশের সমর্থক খুঁজে বের করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরতে হবে।রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের প্রতি বিরাট হুমকি তৈরি করবে। অভিন্ন নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে ভারত কোনো আন্তর্জাতিক আইন ও নিয়ম মানছে না। ভারত সরকারের নদী নিয়ে এ ধরনের নীতির বিরুদ্ধে কথা বললে অনেকে তাঁকে জঙ্গিবাদের সঙ্গে গুলিয়ে ফেলেন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বলেন, ‘ভারত যদি কোনো কারণে বাংলাদেশে অনেক বোমাও ফেলে, দেশের একশ্রেণীর বুদ্ধিজীবী এর পেছনে যৌক্তিকতা খুঁজে বেড়াবেন।’নদীর পানির ন্যায্য হিস্যা পেতে ভারতে পানি নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব আছে, তাকে কাজে লাগানোর পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ।সেমিনারে সভাপতি ছিলেন সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাসিম। সঞ্চালনা করেন সিএফএসডির মহাসচিব মাহফুজউল্লাহ।প্রকল্প বাতিলের দাবি: আন্তনদী সংযোগ প্রকল্প বাতিল করতে ভারতের ওপর চাপ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।সমাবেশে বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন উল্লেখ করেন, ভারতীয় সুপ্রিম কোর্ট গত ২৭ ফেব্রুয়ারি দেওয়া নির্দেশনায় পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে বলেছেন।ক্ষোভ প্রকাশ করে সমাবেশের বক্তারা বলেন, বিশেষজ্ঞরাসহ সবাই একমত যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। অথচ সরকারকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।