নদীকৃত্য দিবসে বরাক-সুরমা-কুশিয়ারা মোহনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জের অমলসীদে মানববন্ধন। তিন নদীর মোহনায় এই চর খননের দাবি জানানো হয়। ছবি: আনিস মাহমুদ
সিলেটের জকিগঞ্জের অমলসীদে মানববন্ধন। তিন নদীর মোহনায় এই চর খননের দাবি জানানো হয়। ছবি: আনিস মাহমুদ

সুরমা নদীর উৎপত্তিস্থল জকিগঞ্জের সীমান্ত এলাকার অমলসীদ। ভারতের নদী বরাক এসে থেমে গেছে বাংলাদেশ সীমানায়। সেখানে সুরমা ও কুশিয়ারা নদীর মোহনা। বাংলাদেশ-ভারতের এ তিন নদীর মোহনায় সুরমার উৎসমুখ পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদী বাঁচাতে উৎসমুখ খননের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আজ মঙ্গলবার বেলা দুইটায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে অমলসীদ এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে তিন নদীর মোহনা এলাকাসহ জকিগঞ্জের মানুষজন একাত্ম হয়ে সুরমা বাঁচাতে উৎসমুখ খননের দাবি জানান। 

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে এলাকাবাসীর এ কর্মসূচি পালনে বাপাসহ সুরমা রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার বাংলাদেশ নামের নদী অধিকারবিষয়ক দুটি সংগঠন একাত্মতা প্রকাশ করে।
১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত হয়। এবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদ্‌যাপনের দুই দশক পূর্তি হলো। এ দিবস পালনের মাধ্যমে মানুষকে নদী সম্পর্কে আগ্রহী ও নদীর অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
আজ সিলেট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে সুরমা নদীর উৎসমুখ অমলসীদ এলাকায় মানববন্ধন কর্মসূচিতে একাত্ম হন তিন নদীর মোহনার বাসিন্দাসহ জকিগঞ্জের শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষজন।
কর্মসূচির শুরুতে বাপার পক্ষ থেকে সুরমার উৎসমুখ সম্পর্কে একটি পরিচিতি তুলে ধরা হয়। এতে বলা হয়, ভারতের আসাম রাজ্য থেকে পশ্চিম দিকে প্রবাহিত বরাক বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তের অমলসীদে দুটি ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত। বাংলাদেশ সীমান্তরেখা হয়ে সুরমা ও পশ্চিম-দক্ষিণ দিকে চলে যাওয়া প্রবাহটি কুশিয়ারা নাম ধারণ করেছে। তিন নদীর মোহনার অমলসীদ এলাকা পুরোটায় চর থাকায় সুরমার উৎসমুখ বন্ধ হয়ে পড়েছে। ছোট একটি খালের মতো কুশিয়ারা নদীর পানি প্রবাহ সচল রেখেছে। এ অবস্থায় জকিগঞ্জের অমলসীদ থেকে সুরমা নদীর ৩২ কিলোমিটার এলাকায় ৩৫টির মতো চর জেগে উঠেছে।
অমলসীদে বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা মানববন্ধনে তিন নদীর মোহনার এ চিত্রে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খনন দাবির প্রতি আনুষ্ঠানিক একাত্মতা প্রকাশ করেন এলাকাবাসী। এ সময় সংহতি সমাবেশে বারোঠাকুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, এম আর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান খান, জকিগঞ্জের রাজনীতিবিদ কাদির আল-আজাদ, হিজবুর রহমান ও জাহেদ আহমদ বক্তব্য দেন।
বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, সিলেটে ২০০৮ সাল থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন দিবস উদ্‌যাপন করছে। দুই দশক পূর্তিতে এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল সোমবার সিলেট নগরে সুরমাতীরের চাঁদনিঘাট এলাকায় ‘গানে কবিতায় নদী’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।