নদীকে খাল দেখিয়ে খনন কোটি টাকা লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার মানস ও আলাই নদীকে খাল দেখিয়ে খননের নামে কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজের বিল পরিশোধ করা হয়েছে। কিন্তু বাস্তবে খননকাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গাইবান্ধা বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) প্রকল্পটি বাস্তবায়ন করছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, নদীকে খাল দেখিয়ে খনন করা অনিয়ম। কারণ বোর্ড থেকে প্রকাশিত বাংলাদেশের নদ-নদী নামক গ্রন্থে ৩১০টি নদীর তালিকার মধ্যে মানস নদের আইডি নম্বর ২২৮ ও আলাই নদীর আইডি নম্বর ৪ উল্লেখ রয়েছে। এর মধ্যে মানস নদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে উৎপত্তি হয়ে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে এবং আলাই নদী গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় ঘাঘট নদ থেকে উৎপত্তি হয়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের বাঙালি নদীতে মিলিত হয়েছে। গাইবান্ধা বিএডিসি (সেচ) কার্যালয় সূত্র জানায়, চলতি বছর জেলায় ১৫ কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় এক কোটি পাঁচ হাজার টাকা। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের অন্তর্গত মানস নদের ১০ কিলোমিটার খননের জন্য ৬৭ লাখ এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের অন্তর্গত আলাই নদীর পাঁচ কিলোমিটার অংশ খননের জন্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মানস নদের পূর্বে ঘাগোয়া ইউনিয়নের পচারকুড়া থেকে পশ্চিমে একই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগা সেতু পর্যন্ত ১০ কিলোমিটার এবং আলাই নদীর সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রামনগর ত্রিমোহনী থেকে ভূতমারা পর্যন্ত পাঁচ কিলোমিটার খননের কথা। সূত্র জানায়, ১২০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে চলতি বছরের ২৪ জানুয়ারি খননকাজের কার্যাদেশ দেওয়া হয়। সে হিসেবে গত ২৩ মে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বিএডিসি কাগজে-কলমে মানসের ৮ দশমিক ৬ কিলোমিটার ও আলাইয়ের শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ৮০ শতাংশ বিল পরিশোধ করে। গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রশিদ সরকার বলেন, ‘আমি মানস নদ ঘুরে খননের কোনো আলামত পাইনি। বিষয়টি বিএডিসির প্রধান প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছি। আলাই নদী খননে লুটপাটের কথাও শুনেছি।’সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রামনগর ত্রিমোহনী গ্রামের চাকরিজীবী একরাম আলী বলেন, ‘আমি আলাই নদীসংলগ্ন সড়ক দিয়ে অফিসে যাতায়াত করি। শুধু নদীর তীরে সামান্য মাটি দিয়ে ঘাস ঢেকে দেওয়া হয়েছে। প্রকৃত খনন আমার নজরে পড়েনি।’ মানস ও আলাই খননকাজ পেয়েছে গাইবান্ধার আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদের মধ্যে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু সাঈদ বলেন, ‘নদীকে খাল দেখানো হয়েছে কি না সেটা আমাদের দেখার বিষয় নয়। যথানিয়মে আমার অংশের খননকাজ সম্পন্ন হয়েছে।’ কাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে গাইবান্ধা বিএডিসির (সেচ) নির্বাহী প্রকৌশলী ও জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচির পরিচালক মো. রফিকুল ইসলাম নদীকে খাল দেখিয়ে খননের অভিযোগ স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘গাইবান্ধায় প্রকৃত খালগুলো ভরাট হয়ে গেছে। সেগুলো খনন ব্যয়বহুল। তাই নদীতেই খাল খনন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’ টাকা লুটপাটের জন্য নদীকে খাল দেখানোর অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন তিনি।