নদীকে বাঁচাতে নৌ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ-নদী বাঁচাতে ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গতকাল শনিবার খুলনা নগরে নৌ-শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের ভৈরব নদে ঘণ্টাব্যাপী নৌকা শোভাযাত্রা ও সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ-এর আহ্বায়ক কুদরত-ই-খুদা। বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, সচেতন নাগরিক কমিটি খুলনার সভাপতি ফেরদৌস আলী, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, জেপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরীফ শফিকুল হামিদ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহনেওয়াজ, সুশাসনের জন্য নাগরিক-এর সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নদী, জলাভূমি দখল ও দূষণ প্রতিরোধে কঠোর আইন, নৌপথকে সচল করতে নদীগুলোতে খনন, সব নদী ও জলাভূমি সিএস ম্যাপ অনুযায়ী খাসজমি হিসেবে অক্ষুণ্ন, আরএস বা এসএ ম্যাপে খাসজমি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখালে তা বাতিল, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নদী ও জলাভূমির দীর্ঘমেয়াদি সব ধরনের ইজারা দেওয়া বন্ধ, গ্রামাঞ্চলে নদীদূষণ রোধের জন্য ফসলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার, প্রাকৃতিকভাবে কীট ধ্বংসকারী পাখিদের আবাসস্থল সংরক্ষণ, নদী ও জলাভূমি দূষণ রোধে শিল্পবর্জ্য শোধনাগার নির্মাণ, মহানগরের ২২টি খাল সচল ও দখলমুক্ত, খুলনা-ঢাকা স্টিমার লাইন চালু এসব বিষয় জনপ্রিয় করতে হবে।